বিশ্বের ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড ও নাগরিকত্বের আবেদন স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এই দেশগুলো ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। গতকাল বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনবিসি নিউজ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার প্রধান জোসেফ এডলো জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন।
গার্ডিয়ান লিখেছে, ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ১৯টি অ-ইউরোপীয় দেশের অভিবাসীদের দাখিল করা গ্রিন কার্ড এবং নাগরিকত্ব প্রক্রিয়াকরণসহ সমস্ত অভিবাসন আবেদন স্থগিত করেছে। অভিবাসন স্থগিতের তালিকায় আছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। নতুন নীতির বিবরণসংবলিত নথিতে সম্প্রতি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হওয়া হামলার ঘটনার উল্লেখ আছে।
