৬ মাস হিমাগারে থাকা ভারতীয়র মরদেহ সৎকার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ এএম

শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে থাকা এক ভারতীয় নাগরিকের মরদেহ সৎকার করেছে কারা কর্তৃপক্ষ। গতকাল বুধবার দুপুরে পৌরসভার মনোহর বাজার শ্মশানঘাটে মরদেহটি সৎকার করা হয়। ছয় মাস ১৫ দিন পড়ে থাকা মরদেহ রক্ষণাবেক্ষণে সরকারকে গুনতে হয়েছে এক লাখ ৮৮ হাজার টাকা। ওই ভারতীয় নাগরিক হলেন রাজন, তার বয়স ৬৩। আর রাজনের বাড়ির কোনো ঠিকানা পাওয়া যায়নি।

শরীয়তপুর জেলা কারাগার জেল সুপার বজলুর রশিদ জানান, অনুপ্রবেশের দায়ে ২০২২ সালে ২৫ আগস্ট ভারতীয় নাগরিক রাজন পদ্মা সেতু প্রকল্প জাজিরার নাওডোবা এলাকা থেকে আটকের পর ২৬ আগস্ট কারাগারে পাঠায় আদালত। চলতি বছরের ১৮ মে মৃত্যুবরণ করেন তিনি। এরপর থেকেই মরদেহটি সদর হাসপাতালের হিমাগারে সংরক্ষণ ছিল। পরে বাংলাদেশ-ভারত দূতাবাস সচিব পর্যায়ের বৈঠকের পর তাদের সিদ্ধান্তক্রমে কারা অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী মরদেহটির সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়। সৎকারের সময় শরীয়তপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কারা কর্তৃপক্ষ, সদর হাসপাতাল কর্তৃপক্ষ, প্রশাসনিক পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত