২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ইসলামী ব্যাংকের ২ কর্তার বিরুদ্ধে যশোরে মামলা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ এএম

১২ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে যশোরে মামলা হয়েছে। গতকাল বুধবার যশোর শহরের রেল রোডের বাসিন্দা আলী আকবর বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিনের আদালতে এই মামলা করেন।

আদালত সিআইডি পুলিশকে অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

মামলার আসামিরা হলেন বেনাপোল ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা ও বর্তমানে ঝিনাইদহের কালীগঞ্জ ইসলামী ব্যাংকের ম্যানেজার তরিকুল ইসলাম এবং যশোর ইসলামী ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহিম সরদার।

মামলার অভিযোগে জানা যায়, ব্যবসার সুবাদে আলী আকবরের সঙ্গে আসামিদের পরিচয় ছিল। ব্যবসা সম্প্রসারণের জন্য তিনি ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় আলোচনার পরিপ্রেক্ষিতে আসামিরা তাকে যশোর ইউনিয়ন ব্যাংক থেকে ১২ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। ঋণ পাইয়ে দিতে তারা ৫০ লাখ টাকা দাবি করে ঢাকার দুটি ব্যাংক হিসাব নম্বর দেন। আসামিদের কথায় বিশ্বাস করে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে আলী আকবর মোট ২০ লাখ টাকা তাদের ওই হিসাবগুলোতে জমা দেন। টাকা নেওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে তারা ঋণ পাইয়ে দিতে ব্যর্থ হয়। পরে টাকা ফেরত চাইলে আসামিরা গড়িমসি করতে থাকে।

টাকা আদায়ে ব্যর্থ হয়ে চলতি বছরের ৩ নভেম্বর আলী আকবর তাদের লিগ্যাল নোটিস পাঠান। নোটিস গ্রহণ করেও তারা টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি দেয়। সর্বশেষ গত ২৫ নভেম্বর আসামিদের ডেকে টাকা চাইলে তারা দিতে অস্বীকৃতি জানায়। টাকা ফেরত না পেয়ে তিনি আদালতে এই মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত