টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে হয়েছে কত কিছুই। অবিশ্বাস্য সব ইনিংস, অসাধারণ সব স্পেল। সময়ের পরিক্রমায় কত বদল এসেছে খেলায়। সাদা জার্সিটা থাকলেও বলের রঙ বদলে হয়েছে গোলাপি, সকালের বদলে খেলা শুরু হয়েছে দুপুরে আর কৃত্রিম আলোয় চলেছে রাত অবধি। অ্যাশেজে গোলাপি বলে দিন-রাতের টেস্টের প্রচলন ২০১৭ সাল থেকে। এখন পর্যন্ত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া খেলেছে ৩৬২টা টেস্ট, যার ভেতর মাত্র ৩টা ছিল দিন-রাতের। তিন টেস্টেই জয়ী দলের নাম অস্ট্রেলিয়া। ব্রিসবেনে আজ থেকে শুরু হওয়া অ্যাশেজের দ্বিতীয় টেস্টে গোলাপি বলের রহস্য ভেদ করে সিরিজে সমতা ফেরাতে চায় ইংল্যান্ড, না হলে যে স্মরণীয় ভস্মাধারটা পুনরুদ্ধার করা হয়ে যাবে অত্যন্ত কঠিন।
প্রথম টেস্টটা দুই দিনে শেষ হয়ে গেছে ট্র্যাভিস হেডের বেধড়ক পিটুনিতে। নভেম্বরের ২২ তারিখেই শেষ পার্থ টেস্ট, প্রায় সপ্তাহ দুয়েকের বিরতিতে ইংল্যান্ড একটা ট্যুর ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে। দুই দিনের ম্যাচে ইংল্যান্ড জিতেছে ৮ উইকেটে। টেস্ট শুরুর আগে একাদশ জানিয়ে দেওয়ার রীতি থেকে সরে আসেনি ইংল্যান্ড দল, প্রায় ২৪ ঘণ্টা আগেই তারা জানিয়ে দিয়েছে চোটের কারণে খেলা হচ্ছে না পেসার মার্ক উডের। তার জায়গায় ব্যাটসম্যান-অফস্পিনার উইল জ্যাকসকে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। শোয়েব বশিরের চেয়ে তাকে এগিয়ে রেখেছে ব্যাটিং সামর্থ্যই। পিঠের চোটের জন্য অস্ট্রেলিয়া পাচ্ছে না উদ্বোধনী ব্যাটসম্যান উসমান খাজাকে। পার্থে দ্বিতীয় ইনিংসে হেড নেমেছিলেন সূচনায়, এরপর বাকিটা ইতিহাস! ব্রিসবেনে হেডকে ওপরে তুলে আনতে অস্ট্রেলিয়া মিডল অর্ডারে ঢুকাতে যাচ্ছে জস ইংলেসকে। নামের মতোই তার জন্মও ইংল্যান্ডে, ১৪ বছর বয়স পর্যন্ত ছিলেন লিডসে। তখন ইংল্যান্ড দলেরই সমর্থক ছিলেন ইংলেস, এরপর অস্ট্রেলিয়াতে পরিবারের সঙ্গে পাড়ি জমিয়ে ক্রিকেট খেলতে শুরু করার পর ক্রমশ তার আনুগত্য বদলে যায়।
নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের চোট এবং খেলা, না খেলা নিয়ে রহস্যটা শেষ মুহূর্ত পর্যন্ত জিইয়ে রাখছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্টে চোটের কারণে খেলা হয়নি কামিন্সের। দ্বিতীয় টেস্টে খেলবেন কি না, সেই ব্যাপারে ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছেন, ‘তাকে তো আমার কাছে ভালোই মনে হয়েছে, বিশেষ করে নেটে যেভাবে বোলিং করল। অবশ্য ম্যাচের মেজাজ ভিন্ন হয়, তবে সে বেশ ভালোই উন্নতি করছে। নিজের শরীরের ব্যাপারে সে নিজেই ভালো জানবে, আমরা শেষ পর্যন্ত দেখব আর তার জন্য অপেক্ষা করব।’ কামিন্স একাদশে এলে বাদ পড়তে পারেন স্পিনার নাথান লায়ন। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল ব্যাটিংয়ের সময়ে চোখের নিচে কালো কালির পোচ লাগিয়ে রাখতেন। সেটাই হয়ে গিয়েছিল তার ট্রেডমার্ক। স্মিথও ব্রিসবেনে সেই কালো দাগ লাগিয়ে নামতে চাচ্ছেন। কারণ, আলোর ঝিলিকের সহনশীলতা! স্মিথ নাকি এই নিয়ে চন্দরপলের সঙ্গে কথাও বলেছেন, ‘আমি আসলে চন্দরপলকে টেক্সট করেছিলাম এটা জানতে যে সে কি চক দিয়ে আঁকত নাকি আঠা দিয়ে সেঁটে নিত। সে বলল আঠা দিয়ে সেঁটে নিত, তার ধারণা এতে ৬৫ পর্যন্ত আলোর উজ্জ্বল থেকে চোখ রক্ষা পায়। সে আরও বলেছে যে আমি ছবিতে দেখেছি তুমি ভুলভাবে ব্যবহার করছ। আশা করছি এখন আমি সঠিক ব্যবহারটা শিখতে পেরেছি। তার সঙ্গে আমি একমত, এটা আসলেই আলোর ঝিলিকটা কম করে। আমি কাল (আজ) এটা লাগিয়েই ব্যাটিংয়ে নামব’।
অ্যাশেজে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করলেও জুড়ে আছে বাংলাদেশ। আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। প্রথম ম্যাচে সৈকত ছিলেন টিভি আম্পায়ার। সেই ম্যাচে ইংল্যান্ডের ব্যাটসম্যান জেমি স্মিথকে দেওয়া কট বিহাইন্ড আউটের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াতে স্নিকোমিটারে স্পাইক ও পর্দায় ছবির ফ্রেমে একটু পার্থক্য থাকায় খানিকটা বিতর্কের সৃষ্টি হয়। পরে আইসিসি এলিট আম্পায়ারদের প্রশিক্ষক সাইমন টফেল জানান এক ফ্রেমের পার্থক্য গ্রহণযোগ্য। সেই সৈকত আর দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক মিলে চালাবেন মাঠের খেলা।
