মেট্রোরেলের তারে কাপড় ২০ মিনিট বন্ধ চলাচল

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ এএম

রাজধানীতে বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রোরেলের তারে কাপড় পড়ার কারণে প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তাদের এ অসুবিধার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) দুঃখ প্রকাশ করেছে।

গতকাল বুধবার ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ জানিয়েছে, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি কেবলের ওপর একটি কাপড় পড়েছিল। এ অবস্থার কারণে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

কাপড়টি অপসারণের প্রক্রিয়া দুপুর ১২টা ২২ মিনিটে শুরু হয় এবং প্রায় ২০ মিনিটের মধ্যে, অর্থাৎ ১২টা ৪২ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়। এ সময়ে যাত্রীরা সাময়িকভাবে স্টেশনে অপেক্ষা করতে বাধ্য হন।

ডিএমটিসিএল জানিয়েছে, এ ধরনের ঘটনা খুবই বিরল, তবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্রেন চলাচল স্থগিত করা হয়। এ ছাড়া যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, তা নিশ্চিত করতে পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজ আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত