তফসিলের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি

পুনঃতদন্তে নিবন্ধন পাচ্ছে দুই দল

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১০ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা জানান।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। এ সময় নির্বাচন প্রস্তুতি, তফসিল ঘোষণার আগের সার্বিক অবস্থা এবং আসন্ন নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করবেন।

রাষ্ট্রপতির সাক্ষাতের বিষয় তুলে ধরে ইসি সচিব বলেন, তফসিল ও গণভোট নিয়ে আলোচনা করতে ১০ অথবা ১১ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। আজ দুপুরে বঙ্গভবন বরাবর এ চিঠি পাঠানো হয়েছে।

প্রবাসী ভোটের বিষয়ে আখতার আহমেদ বলেন, প্রবাসীরা যে পোস্টাল ব্যালটে ভোট দেবে, সেই ব্যালটের কোন কোন ব্যালট বাদ যাবে এবং কী পদ্ধতিতে গণনা করা হবে, সে বিষয়ে একটা সংশোধনী ছিল। আজ উপদেষ্টা পরিষদ সেই সংশোধনী অনুমোদন করেছে।

পুনঃতদন্তে নিবন্ধন পাচ্ছে আরও দুই দল : দল নিবন্ধনের বিষয়ে ইসি সচিব বলেন, আবার কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয়। পুনঃতদন্তে নতুন দুটি দল আম-জনতার দল ও জনতার দল জেলা এবং উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় কমিশন নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, ‘দল দুটির বিষয়ে কারও আপত্তি রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামীকাল (শুক্রবার) পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত