খালেদা জিয়ার জন্য শনিবার এয়ার অ্যাম্বুলেন্স আসছে জার্মানি থেকে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ এএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল শনিবার ঢাকায় আসছে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) কাতার দূতাবাস এ তথ্য নিশ্চিত করে।

দূতাবাস সূত্রে জানা গেছে, জার্মানির এফএআই রেন্ট-এ জেট জিএমবিএইচ এর সিএল৬০ (বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ সিরিজ) জেট কোম্পানির এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল শনিবার বিকেল ৫টায় ঢাকায় পৌঁছার কথা রয়েছে। বিমানটি ভাড়া করা থেকে শুরু করে যাবতীয় সকল ব্যয় ও ব্যবস্থাপনার দায়িত্ব কাতার সরকারই নিয়েছে। বিমানটির অবতরণের প্রয়োজনীয় সকল অনুমতিও ইতোমধ্যে নেওয়া হয়েছে।

এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জর্জিয়ার রাজধানী তিবলিসি হয়ে সরাসরি লন্ডন যাবে। আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সটির রওনা দেওয়ার কথা রয়েছে।

এর আগে কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ‘এয়ারবাস ৩১৯’-এ করে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, কারিগরি কিছু জটিলতার কারণে আগে নির্ধারিত সময়ে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি আনা সম্ভব হয়নি।

অন্যদিকে, খালেদা জিয়াকে নেওয়ার বিষয়ে সমন্বয়ের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ইতোমধ্যে দেশে ফিরেছেন। দেশে ফিরে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশ ও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার জন্য অনুকূলে থাকলে এয়ার অ্যাম্বুলেন্সে তিনি রবিবার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশ্য দেশ ত্যাগ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত