খালেদা জিয়ার শোকসভাস্থলে আসতে শুরু করেছেন অতিথিরা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:৪৫ পিএম

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতিমধ্যেই আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর সাড়ে ১২টা থেকে আমন্ত্রিতরা প্রবেশ শুরু করেন। সংসদ ভবনের ৬ নম্বর গেটে আগতদের ভিড় দেখা গেছে।

এদিকে এই অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিয়মাবলি ও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শোকসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে অবস্থান নেওয়া শুরু করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় উপস্থিত থাকবেন।

সরেজমিনে দেখা গেছে, সংসদ ভবনের ৬ নম্বর প্রবেশ গেটে জুমার নামাজের পর ভিড় বাড়তে থাকে। সময় যত গড়াচ্ছে ভিড় ততই বাড়ছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি পেশাজীবীরাও রয়েছেন। এ ছাড়া বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা আসছেন। ৬ নম্বর গেট দিয়ে বিভিন্ন দূতাবাসের গাড়ি ঢুকতে দেখা গেছে।

শোকসভা ঘিরে সংসদ ভবনের চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও সাদা পোশাকে নজরদারি করছেন। ভেতরে অনুষ্ঠান হলেও বাইরেও এলইডি বোর্ড বসানো হয়েছে যাতে সরাসরি ভেতরে প্রবেশ করতে না পারা লোকজনও দেখতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত