রত্না নদীর বেইলি ব্রিজ ভেঙে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার সকালে পাথর বোঝাই একটি ট্রাক ব্রিজ অতিক্রম করার সময় ভেঙে পড়ে এবং ট্রাকটি মধ্যখানে আটকে পড়ে।
বানিয়াচং থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ট্রাকটি অপসারণের জন্য রেকার আনা হয়েছে। সকাল ১০টা থেকে এ রোডে যানচলাচল বন্ধ রয়েছে। এদিকে ব্রিজের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে যাত্রী সাধারণ দুর্ভোগ পোহাচ্ছেন।
এলাকাবাসীরা জানান, ব্রিজটি যানবাহনের চাপে দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। সড়ক বিভাগ জোড়াতালি দিয়ে এটি চালু রেখেছিল।
এদিকে বেইলি ব্রিজ ভেঙে যাওয়া অনেক পথচারীকে নৌকায় রতœা নদী পারাপার হতে দেখা গেছে। ব্যবসায়ী শরীফ বলেন, ব্রিজ ভেঙে যাওয়ায় আজমিরীগঞ্জ ও বানিয়াচংয়ের ব্যবসায়ীরা বেশ বিড়ম্বনায় পড়েছেন।
সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, এ ঘটনায় ব্রিজের ৫টি ব্রেকার ও দুটি ট্রানজিস্টর নষ্ট হয়ে গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি অপসারণের কাজ শুরু হয়েছে।
