নাসরিনকে লজ্জা দিল নেপাল আর্মড পুলিশ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ এএম

সাফ ওমেন্স ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের শুরুতেই পিছিয়ে পড়ল বাংলাদেশ চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টিং ক্লাব। নেপালের কাঠমান্ডুতে উদ্বোধনী দিনে স্বাগতিক নেপাল আর্মড পুলিশ ফোর্স (এপিএফ) দলের কাছে ৪-০ ব্যবধানে হারের লজ্জা পেয়েছে দলটি। অথচ এ আসরে বাংলাদেশের থাকার কথা ছিল ফেভারিটের তালিকায়। শেষ দুবারের সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে নাসরিনের এমন শুরুটা দেশের জন্যই লজ্জার।

শুক্রবার নতুন যুগে পা রেখেছে সাফ। ক্লাব কাপ নিয়ে আলোচনাটা হচ্ছিল অনেক দিন ধরেই। অবশেষে তারা নারীদের নিয়ে শুরু করেছে এ আসর। পাঁচ ক্লাব নিয়ে এ আসরে নাসরিন খেলছে খর্বশক্তির দল নিয়ে। যে দল নিয়ে ২০২৪ সালে লিগ জিতেছিল তারা, সে দলটি তারা ধরে রাখতে পারেনি। মূলত বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার জাতীয় দলের সেরাদের খেলার অনুমতি দেননি। ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, মনিকা চাকমাদের পাওয়া যাচ্ছে না বলে ক্যাম্পের বাইরে থাকা সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণারানী সরকাররাও খেলতে অস্বীকৃতি জানান। পরে বাটলারের ক্যাম্পে থাকা বয়সভিত্তিক একঝাঁক ফুটবলারকে নিয়ে দল গড়ে নাসরিন। অন্যদিকে শুক্রবারের প্রতিপক্ষ এপিএফ গঠিত হয়েছে নেপাল জাতীয় দলের ফুটবলারদের নিয়ে।

নাসরিনের আনকোরা ফুটবলাররা তাই একেবারেই দাঁড়াতে পারেনি শক্তিশালী নেপালের কাছে। দলটির হয়ে রাশমি কুমারী ঘাসিং ও মিনা দেউবা দুটি করে গোল করেন। ম্যাচের ৩৮ মিনিটে মিনার কাটব্যাক থেকে সহজেই গোল করেন রাশমি কুমারী। ম্যাচের ৭১ মিনিটে একক প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করেন মিনা। ৮১ মিনিটে পেনাল্টি থেকে ৩-০ করেন রাশমি। আর যোগ করা সময়ে মিনা দলের হয়ে চতুর্থ গোল করেন।

আসরের উদ্বোধনী ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড ও পাকিস্তানের করাচি সিটি এফসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত