সড়কে প্রাণ গেল ৫ জনের

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ এএম

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। সকালে নাটোরের বড়াইগ্রামে লেগুনা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হন। এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারীতে মাইক্রোবাস দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :

ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত : ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের দুই মহিলা ও এক পুরুষসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দুই শিশুসহ চারজন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাওয়ার সময় পথিমধ্যে পূর্ব শদরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিনজন নিহত হন। অটোরিকশার থাকা অন্য দুই শিশুসহ চারজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু : নাটোরের বড়াইগ্রামে লেগুনা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার চান্দাই ইউনিয়নের দাসগ্রাম আকবর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন দাসগ্রামের আব্দুস সালেক প্রামাণিকের ছেলে।

চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভীন জানান, জসিম উদ্দিন ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরি করেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি মোটরসাইকেলে রূপপুর যাচ্ছিলেন। পথে দাসগ্রাম আকবর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মাইক্রোবাসের দুর্ঘটনা : চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে আবারও ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। গতকাল ভোরে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ স্কুল এলাকার সামনে যাত্রীবাহী হায়েস গাড়ি ও মাছবোঝাই একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হায়েসচালক মো. কাউসার ঘটনাস্থলেই প্রাণ হারান।

জানা যায়, ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের চাঁনপুর নতুন পাড়া এলাকার বাসিন্দা ও জাহাঙ্গীর ড্রাইভারের ছেলে মো. কাউসার ভোরে বিদেশ ফেরত যাত্রী আনতে চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। পথে ফরহাদাবাদ স্কুল এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা মাছবোঝাই মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হায়েস গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি গাড়িই মুহূর্তে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় কাউসার ছাড়াও পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলে মারা যান হায়েসচালক কাউসার। আহত পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

অকাল মৃত্যুর সংবাদটি পৌঁছালে কাউসারের গ্রামের বাড়ি চাঁনপুর নতুন পাড়ায় নেমে আসে শোকের ছায়া। পরিবার, সহকর্মী চালক ও স্থানীয়দের মধ্যে দেখা দেয় গভীর শোক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত