২০২৬ বিশ্বকাপে গ্রুপ অব ডেথ কি আছে

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ এএম

২০২৬ বিশ্বকাপে কে কোন গ্রুপে আছে, ড্রয়ের পর তা জানা হয়ে গেছে। প্রতিবার বিশ্বকাপ ড্রয়ের পর বিশ্লেষণ শুরু হয় কোন গ্রুপ সহজ আর কোনটি মৃত্যুকূপ। এবার বিশ্বকাপে দলসংখ্যা বেড়েছে, ৪৮ দলকে ভাগ করা হয়েছে ১২ গ্রুপে। প্রতি গ্রুপের সেরা দুই দল নিশ্চিতভাবেই যাবে নকআউট রাউন্ডে অর্থাৎ সেরা ৩২-এ। এছাড়া গ্রুপে তৃতীয় হয়েও ৮টি দলের সুযোগ হবে নকআউটে যাওয়ার। তাহলে ২০২৬ বিশ্বকাপে কঠিন গ্রুপ কোনটি? আদৌও কি কোনো কঠিন গ্রুপ আছে!

বিশ্বকাপ ড্রয়ের পর কোচেরা অনেকেই নিজেদের গ্রুপকে খুব কঠিন না বললেও কঠিন বলছেন। বিশ্ব সংবাদমাধ্যম বলছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পাঁচবার বিশ্বকাপজয়ী ব্রাজিল সহজ গ্রুপে পড়েছে। তবে ফুটবল পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট অপ্টা বলছে ভিন্ন কথা। তাদের মতে আর্জেন্টিনার ‘জে’ গ্রুপটিই নাকি মৃত্যুকূপ।

আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে নামবে প্রতিযোগিতার ‘জে’ গ্রুপে। অস্ট্রিয়া, আলজেরিয়া আর জর্ডান তাদের প্রতিপক্ষ। তবে ফুটবলের পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট অপ্টা। তাদের পাওয়ার র‌্যাংকিং অনুযায়ী ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সবচেয়ে শক্তিশালী গ্রুপ হিসেবে উঠে এসেছে গ্রুপ জে।

গ্রুপ ‘জে’-এর চার দলের গড় রেটিং ৭৭.১। এই গড় বেশি হওয়ার কারণ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল অপ্টার র‌্যাংকিংয়ে আছে দ্বিতীয় স্থানে। তাদের রেটিং ৯৭.৮। তবে গ্রুপে আরও দুই দল আছে যারা র‌্যাংকিংয়ে ৩১ বা তার ওপরে অবস্থান করছে। অস্ট্রিয়ার পাওয়ার র‌্যাংকিং ৭৫.৩, গ্রুপে তারা আছে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে। তিনে আছে আলজেরিয়া। তাদের পাওয়ার র‌্যাংকিং (৭২.২)। এই গ্রুপে সবচেয়ে কম পাওয়ার র‌্যাংকিংয়ের দল জর্ডান। তাদের রেটিং ৬৩.১। তবে কাগজে-কলমে এসব পরিসংখ্যানের পরও আর্জেন্টিনাই এই গ্রুপের ফেভারিট।

বার্তা সংস্থা রয়টার্সের চোখে অন্তত কাগজে-কলমে ‘এল’ গ্রুপ মৃত্যুকূপ। এই গ্রুপের চারটি দল ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা। তার মধ্যে গ্রুপের শীর্ষ দুটি স্থান দখলের লড়াইটা হবে মূলত প্রথম তিনটি দলের মধ্যে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানা। বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে ঘানা ৭২তম দল বলে তাদের ছোট করে দেখাটা ভুল হবে।

আর ভুলে গেলে চলবে না, বিশ্বকাপে যে কোনো কিছুই ঘটতে পারে। প্রতি দলের ম্যাচ মাঠে গড়ানোর পর বদলে যেতে পারে সব হিসাব। গ্রুপ অব ডেথ হয়ে উঠতে পারে এমন কোনো গ্রুপ যাদের হয়তো এখন এই সমীকরণে ভাবাই হচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত