আগের দিন বাংলাদেশ ফুটবল লিগের খেলা ছিল একটি। যে ম্যাচে ব্রাদার্সকে হারিয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করেছিল বসুন্ধরা কিংস। শনিবার হয়েছে চার ম্যাচ। শেষ রাউন্ডে মোহামেডান ২-০ গোলে হেরে যায় ফকিরেরপুলের কাছে। সেই হারের ধাক্কা সামলে শনিবার বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। কুমিল্লায় স্যামুয়েল বোয়েটাংয়ের হ্যাটট্রিকে পিডব্লিউকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। মোহামেডানের জয়ের দিনে ফের পথ হারিয়েছে আবাহনী। বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক ফর্টিস এফসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে সর্বশেষ রাউন্ডে জয়ের মুখ দেখা আকাশি হলুদের দল। গেল সপ্তাহে বসুন্ধরার কাছে বড় হারের ধাক্কা সামলে জয়ে ফিরেছে রহমতগঞ্জ। মুন্সীগঞ্জে তারা ৩-০ গোলে হারিয়েছে আরামবাগকে। আর ময়মনসিংহে পুলিশ ও ফকিরেরপুলের ম্যাচটি শেষ হয় ১-১ ড্রয়ে।
আগের ম্যাচে হেরে পয়েন্ট টেবিলে ৯-এ নেমে গিয়েছিল মোহামেডান। শনিবারের জয়ে তারা উঠে গেছে চারে। ৫ রাউন্ড শেষে তাদের সংগ্রহ ব্রাদার্সের সংগ্রহ সমান ৭ পয়েন্ট। রহমতগঞ্জ দুয়ে উঠে এসেছে তিন জয়, এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে, বসুন্ধরার সঙ্গে তাদের ব্যবধান ৩ পয়েন্টের। আবাহনীকে রুখে দিয়ে ৮ পয়েন্ট নিয়ে তিনে ফর্টিস। আর আবাহনী ৫ পয়েন্ট নিয়ে ধুঁকছে পাঁচে। ফকিরেরপুলের সঙ্গে ড্র করে ৬ পয়েন্ট নিয়ে পুলিশ আছে ছয়ে।
২২ বছর পর লিগ শিরোপা জিতলেও সেটা ধরে রাখতে সেরা দল গড়তে পারেনি মোহামেডান। অর্থ সংকটের পাশাপাশি ক্লাবে নেতৃত্ব সংকট চরমে পৌঁছেছে বলেই খেলোয়াড়দের বেতন বাকি পড়ে যাচ্ছে দিনের পর দিন। ফলে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে মাঠে খেলাতে হচ্ছে দলটিকে। তাই তাদের পারফরম্যান্সে চড়াই-উতরাই অনেক। একদিন ভালো খেলে জেতার পরের ম্যাচেই বাজেভাবে হেরে যাওয়া। আবার কখনো কখনো জ্বলে ওঠা। শনিবার যেমন জ্বললেন বোয়েটাং। গত মৌসুমে রহমতগঞ্জে খেলা ঘানাইয়ান এ মৌসুমে প্রথমবারের মতো হ্যাটট্রিক করে মোহামেডানকে দ্বিতীয় জয় পাইয়ে দেন। দলের হয়ে অপর গোলটি করেন উজবেক মিডফিল্ডার মোজাফফরভ। ম্যাচের ৩১ মিনিটে স্যামুয়েল বোয়েটাংকে বক্সে ফেলে দেন সুমন দাস। পেনাল্টি থেকে মোহামেডানকে এগিয়ে নেন মোজাফফরভ। পরের তিন গোলই করেছেন বোয়েটাং। বিরতির পর গুনে গুনে ৩ গোল করেন। ৬৭ মিনিটে পিডব্লিউডির ডিফেন্ডার মোহাম্মদ রাতুল ও গোলকিপার অনিক আহমেদের ভুল বোঝাবুঝির সুযোগে গোল করেন বোয়েটাং। ৭৭ মিনিটে পিডব্লিউডির আরেকটি ভুলের সুযোগ ৩-০ করে ঘানাইয়ান স্ট্রাইকার। আর ৮২ মিনিটে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা কিপার অনিককে পরাস্ত করে হ্যাটট্রিক পূরণ করেন বোয়েটাং।
চির বৈরী মোহামেডানের জয়ে ফেরার দিনে ফের পয়েন্ট খুইয়েছে আগের ম্যাচে প্রথম জয়ের স্বাদ নেওয়া আবাহনী। সর্বশেষ রাউন্ডে তারা ২-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ পুলিশকে। তবে শনিবার ফর্টিসের কাছে পয়েন্ট হারিয়ে আরও পিছিয়ে গেছে ধানম-ি জায়ান্টরা। কিংস অ্যারেনায় ম্যাচটা ছিল উপভোগ্য দুদলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে দুদলের দুই কিপারের দৃঢ়তায় দুই পোস্টই থাকে সুরক্ষিত।
সর্বশেষ মৌসুমে সেরা লিগের সেরা গোলকিপার মিতুল মারমা এবার আবাহনীর পোস্টে শুরু থেকেই খানিকটা নড়বড়ে। ৫ ম্যাচে ৫ গোল হজম করেছেন তিনি। ওদিকে ফর্টিসের শ্রীলঙ্কান কিপার সুজন পেরেইরা ৫ ম্যাচে মাত্র দুটি গোল হজম করেন। দুজনই কাল অসাধারণ সব সেভে নিজ নিজ দলকে এক পয়েন্ট করে এনে দেন। ম্যাচের অতিরিক্ত সময়ে ডিফেন্ডার আলমগীর মোল্লা লালকার্ড দেখলে আবাহনী ১০ জনের দলে পরিণত হয়। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি ফর্টিস।
মুন্সীগঞ্জে আগের ম্যাচে হারের জ্বালা জুড়িয়েছে রহমতগঞ্জ। আরামবাগের বিপক্ষে ম্যাচের ৩৭ মিনিটে সলমন কিং পেনাল্টি থেকে এগিয়ে নেন পুরান ঢাকার দলটিকে। ৪২ মিনিটে ব্যবধান বাড়ান নেপালিজ অভিষেক লিম্বু। আর দ্বিতীয়ার্ধে গাম্বিয়ান আদামা জেমাহ রহমতগঞ্জের হয়ে তৃতীয় গোল করেন।
ময়মনসিংহে ইশা ফয়সালের শেষ মুহূর্তের গোলে ফকিরেরপুলের কাছে নিশ্চিত হার এড়িয়েছে পুলিশ। যোগ করা সময়ে গোলটি করেন তিনি। এর আগে আরিয়ান হোসেনের ৩৭ মিনিটের গোলে লিড নিয়েছিল আগের ম্যাচে মোহামেডানকে হারানো ফকিরেরপুল।
