অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয়েছে। গতকাল শনিবার রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথির বক্তব্য দেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

এ ছাড়া অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বক্তব্য দেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, ‘আজকের তরুণ প্রজন্ম ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি মেধাবী, সচেতন ও প্রযুক্তিনির্ভর।’ তিনি বলেন, ‘বর্তমান তরুণদের মেধা, দৃঢ়তা, নিষ্ঠা ও ত্যাগের কারণেই সাম্প্রতিক জাতীয় পরিবর্তন সম্ভব হয়েছে। তরুণদের দেখেই বিশ্ব আজ অবাক বিস্ময়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।’

সমাবর্তন বক্তা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন সদ্য গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন, ‘কয়েক বছরের মেধা ও পরিশ্রমের বিনিময়ে আপনারা গ্র্যাজুয়েট সম্মান অর্জন করেছেন। কিন্তু এটা শেষ নয়, বরং শুরু। আপনারা আজ থেকে এমন এক বিশ্বে পা রাখছেন, যা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি এবং দ্রুত পরিবর্তিত হচ্ছে। আপনাদের সাফল্য নির্ভর করছে আপনাদের অব্যাহত প্রচেষ্টা, পরিশ্রম, সহনশীলতা আর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতার ওপর।’

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ গ্র্যাজুয়েট ও মাস্টার্স ডিগ্রি সনদ ছাড়াও ২৭ জন শিক্ষার্থীকে বিশেষ অ্যাওয়ার্ড দেন। এর মধ্যে ছয়জন চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড, পাঁচজন বিওটি চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড এবং ১৬ শিক্ষার্থীকে দেওয়া হয় ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড।  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত