ভারতের পশ্চিমাঞ্চলীয় পর্যটনরাজ্য গোয়ায় আরব সাগরের তীরবর্তী একটি ব্যস্ত নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পর্যটক ও ক্লাবের কর্মী—দু’পক্ষেরই মানুষ রয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল শনিবার (৬ নভেম্বর) স্থানীয় সময় মধ্যরাতের দিকে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ক্লাবটি গোয়ার উত্তরাঞ্চলের আরপোরা এলাকার বাগা বিচে অবস্থিত, যা গোয়ার সবচেয়ে বেশি ভিড় জমা সমুদ্রতীরগুলোর একটি।
তথ্য অনুযায়ী, আগুনের সূত্রপাত হয় ক্লাবের রান্নাঘর থেকে। সেখানে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে।
রাজ্য পুলিশের কর্মকর্তারা জানান, রান্নাঘর ও তার আশপাশের স্থান থেকেই সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিহতদের বড় অংশই ক্লাবের কর্মচারী ছিলেন। পাশাপাশি কয়েকজন পর্যটকের মৃতদেহও পাওয়া গেছে।
রবিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন রাজ্য পুলিশের মহাপরিচালক আলোক কুমার। তিনি সাংবাদিকদের বলেন, ‘আগুন মূলত ক্লাবের রান্নাঘর এবং প্রথম তলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। উদ্ধার মরদেহগুলোর অধিকাংশই মিলেছে রান্নাঘর এবং আশপাশের এলাকা থেকে। এ থেকে বোঝা যাচ্ছে যে নিহতদের অধিকাংশই ক্লাবের কর্মচারী ছিলেন। কয়েক জন পর্যটকের লাশও উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা ৩ থেকে ৪ জন হবে।’
আগুন কীভাবে এত দ্রুত ছড়িয়ে পড়ল এবং নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না—তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত