স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ এএম

ফারজানা আক্তার (২০) নামের এক সন্তানের জননী স্বামীর হাতে খুন হয়েছেন। গতকাল রবিবার সকালে চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। তার বাড়ি চুনারুঘাট উপজেলার উত্তর গোড়ামী গ্রামে। প্রায় চার বছর আগে একই উপজেলার লাদিয়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে নুর আলীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

নিহত ফারজানার মা আছমা বেগম জানান, তাদের পরিবারের সদস্যরা ও তার মেয়ে স্বামীসহ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজসংলগ্ন শিমুলতলা গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন। ফারজানা ও তার স্বামী নুর আলীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল এবং হত্যার হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন সকালে নুর মিয়া তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। সংকটাপন্ন অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘটনার পর ঘাতক স্বামী একই অস্ত্র দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী তাকে আটক করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজত আছেন। এদিকে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত