পটিয়ায় রান্নার চুলার আগুনে বাড়ি পুড়ে ছাই

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকায় আগুনে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে শেখ শাহ জামে মসজিদের পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, মোহাম্মদ আলীর বসত ঘরটি মুহূর্তের মধ্যে আগুনে দগ্ধ হয়ে ছাইয়ে পরিণত হয়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।

স্থানীয়রা জানিয়েছেন, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই পুরো ঘর পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শহিদুল ইসলাম জানান, আগুন লাগার পর ঘর থেকে কোনও মালপত্র বের করার সুযোগ মেলেনি। অগ্নিকাণ্ডে আমাদের সমস্ত জিনিসপত্র পুড়ে গেছে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাজেস বড়ুয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে রান্নার চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত