নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন দিগন্তের সূচনা হবে : ফখরুল

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ এএম

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন দিগন্তের সূচনা হবে।’

গতকাল সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ফখরুল বলেন, ‘নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। শব্দের একটু এদিক-ওদিক থাকতে পারে, সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না। মূল বিষয়টা হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারির ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা হয়েছে। আমি মনে করি, এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য একটা ঘটনা। একই সঙ্গে আমরা মনে করি যে, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন দিগন্তের সূচনা হবে।’

গণতন্ত্র ফেরানোর দাবিতে দীর্ঘদিন কারাবরণকারী মির্জা ফখরুল তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন,‘নিঃসন্দেহে এটা আমার জন্যে অত্যন্ত আনন্দের দিন। আমি বরাবরই বলেছি যে, নির্বাচনের ব্যাপারে আমার কোনো শঙ্কা নেই, নির্বাচন হবে কি হবে না এ রকম শঙ্কাও ছিল না। নির্বাচন হতেই হবে, সেটা হয়েছে, নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে এবং ইনশাআল্লাহ নির্বাচন হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান করা এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমাদের আশা নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে। এখানে সব রাজনৈতিক দল এবং প্রার্থী সচেতনভাবে নির্বাচনটিকে একটি উৎসবমুখর একটি নির্বাচনে পরিণত করবেন।’

তিনি বলেন, ‘আমরা সবাই জানি যে, বিগত ১৫ বছর এ দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। আজকে আবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক একটা পার্লামেন্ট আমরা গঠন করতে সক্ষম হবো।’

সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা জানেন যে, প্রায় ৯ মাস সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি, কতগুলো বিষয়ে একমত হতে পারেনি। সেগুলো গণভোটের মাধ্যমে আসবে।’

শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা চূড়ান্তভাবে প্রার্থী তালিকা দেইনি আপনারা সবাই জানেন, আমরা প্রাথমিক কথা বলেছিলাম, আমরা সেই তালিকা এখন চূড়ান্ত করব। আমাদের সঙ্গে যারা যুগপৎভাবে আন্দোলন করেছেন তাদের অবশ্যই যথাযথভাবে মূল্যায়ন করা হবে। আমি মনে করি, কোনো সমস্যা থাকবে না। আমরা অত্যন্ত আশাবাদী যে, যারা বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচনে অংশ নিতে পারব।’

তিনি বলেন, ‘যারা অন্য দল বা জোট থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা সবাই গণতন্ত্রের স্পিরিটকে সঙ্গে নিয়ে একটা নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করবে।’

গণভোটে দফাওয়ারি বিষয়গুলো না রাখায় প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘কিছুটা তো সমস্যা হবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার মনে হয়, যদি আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করি তাহলে সেগুলোকে আমরা উতরাতে সক্ষম হবো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত