টাঙ্গাইলের বাসাইলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক) পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষা বাবদ ফি নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে উপজেলার কাউলজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক শামছুল আলম মিয়া প্রত্যেক শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার অভিযুক্ত প্রধান শিক্ষক শামছুল আলম মিয়াকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে শোকজ করা হয়েছে।
জানা গেছে, গত ১ ডিসেম্বর থেকে বাসাইল উপজেলায় একযোগে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক) পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলার কাউলজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি উত্তোলন করা হয়। এ বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক শামছুল আলম মিয়ার নির্দেশে ক্লাসের সংশ্লিষ্ট শিক্ষকরা শ্রেণিভিত্তিক ২০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত ফি উত্তোলন করেন। এ ছাড়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের জন্য বিদ্যালয়ের প্রায় সব শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত ফি নেওয়ারও অভিযোগ রয়েছে।
কাউলজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক শামছুল আলম মিয়া শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘বিষয়টি নিয়ে অভিভাবকদের সঙ্গে বসেছিলাম। প্রত্যেক শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হবে।’
