পারিবারিক জীবনের শান্তি ও স্থিতি মানবসমাজের সুরক্ষিত অগ্রযাত্রার অন্যতম শর্ত। মানুষ জন্ম থেকেই সম্পর্কের উষ্ণতা, নিরাপত্তা এবং সুশৃঙ্খল পরিবেশের মধ্যে বড় হতে চায়। তাই পরিবারের ভিত্তি যত দৃঢ় হয়, সমাজও তত সুগঠিত হয়। ইসলামে পরিবারকে শুধু নৈতিক বা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে দেখা হয়নি, বরং এটি মানুষের ইমান, চরিত্র ও নৈতিকতার প্রতিফলন হিসেবেও বিবেচিত হয়েছে। সেই কারণে আল্লাহতায়ালা দাম্পত্য সম্পর্ককে একটি পবিত্র বন্ধন হিসেবে প্রতিষ্ঠা করেছেন, যার প্রতিটি স্তরেই রয়েছে দায়িত্ব ও পারস্পরিক বোঝাপড়ার গভীর শিক্ষা। এই সম্পর্কের ভেতরে একটি সুস্পষ্ট কাঠামো দিয়েছেন, যা পরিবারকে স্থিতিশীল রাখে এবং প্রত্যেক সদস্যকে তার দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতন করে। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক, এ কারণে যে, আল্লাহ তাদের একের ওপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেহেতু তারা নিজদের সম্পদ থেকে ব্যয় করে।’ (সুরা নিসা ৩৪)
এই কাঠামোয় বিশেষভাবে আলোচিত একটি বিষয় হলো ‘তত্ত্বাবধায়ন’। বহু যুগ ধরে এই শব্দটি নিয়ে আলোচনা হয়েছে, কখনো ভুল ব্যাখ্যার কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, আবার কখনো আধুনিক দৃষ্টিভঙ্গির সঙ্গে ইসলামি নির্দেশনার তুলনামূলক মূল্যায়নে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। যদিও বাস্তবতা হলো, তত্ত্বাবধায়ন এমন একটি ধারণা, যা ইসলামের সামগ্রিক দৃষ্টিভঙ্গি ও মানুষের প্রাকৃতিক গঠনকে গভীরভাবে উপলব্ধি করে। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা স্পষ্টভাবে বলেছেন যে পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক হবে, কারণ আল্লাহ তাদের একজনকে অন্যজনের ওপর কিছু বিশেষ গুণে প্রাধান্য দিয়েছেন এবং তারা নিজেদের ধন-সম্পদ থেকে ব্যয় করে। এই ঘোষণা কোনো ক্ষমতাকেন্দ্রিক শ্রেষ্ঠত্বের বার্তা নয়, বরং দায়িত্বের ন্যায্য বণ্টন এবং পারিবারিক ভারসাম্য রক্ষার একটি আল্লাহপ্রদত্ত নীতি।
সমাজের বাস্তবতা হলো, দায়িত্বের সঠিক বণ্টন ছাড়া কোনো প্রতিষ্ঠানই সুসংহতভাবে টিকে থাকতে পারে না। পরিবার নামক ছোট এই প্রতিষ্ঠানটিরও প্রয়োজন একজন দায়িত্বশীল অভিভাবকের, যে পরিবারকে নিরাপত্তা দেবে, পরিচালনা করবে, ব্যয়ভার বহন করবে এবং জীবনের নানা সংকটে প্রিয়জনদের রক্ষা করবে। ইসলাম এই অভিভাবকত্ব বা তত্ত্বাবধানের দায়িত্ব পুরুষের ওপর অর্পণ করেছে তার স্বাভাবিক যোগ্যতা, শক্তি, অভিজ্ঞতা ও আর্থিক দায়িত্ব পালনের সক্ষমতার ওপর ভিত্তি করে।
এই সিদ্ধান্ত কোথাও নারীর মর্যাদাকে খাটো করে না। বরং নারীর প্রাকৃতিক গঠন, মাতৃত্বের মহিমা এবং আবেগের সূক্ষ্মতা রক্ষায় ইসলামের এক অনুপম ব্যবস্থা।
তত্ত্বাবধায়ন একটি ভারসাম্যমূলক কাঠামো, যেখানে পুরুষের দায়িত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং নারীর সম্ভ্রমকে বিশেষভাবে সুরক্ষিত রাখা হয়েছে। নারীকে সংসারের নিরাপদ পরিবেশে তার প্রকৃত দায়িত্ব মাতৃত্ব, সন্তান লালন, পরিবারকে স্নেহের আবরণে ঢেকে রাখা, এই মহান কাজগুলোতে মনোনিবেশের সুযোগ দেওয়া হয়েছে। ইসলাম নারীর প্রতিটি অধিকার সংরক্ষণ করে তাকে স্বাধীন ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে। একইসঙ্গে তত্ত্বাবধায়নের বিষয়টি পুরুষকে ক্ষমতার আসনে বসায়নি, বরং তাকে আমানতের ভার দিয়েছে, যাতে সে ন্যায়, দয়া ও প্রজ্ঞার সঙ্গে পরিবারকে পরিচালনা করতে পারে।
ইসলামের পরিবার ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যেখানে নারী ও পুরুষ উভয়েই পরিপূর্ণ সম্মানের অধিকারী। তারা একে অন্যের পরিপূরক। কোরআনে বলা হয়েছে, নারীর ওপর পুরুষের যেমন অধিকার আছে, তেমনি পুরুষের ওপরও নারীর অধিকার আছে। এটি নির্দেশ করে যে, দায়িত্বে কিছু পার্থক্য থাকলেও মর্যাদা ও মানে কোনো বৈষম্য নেই। আল্লাহতায়ালা পুরুষকে যে প্রশাসনিক দায়িত্বের ভার দিয়েছেন, তা নারীর প্রতি তার করুণা ও সুরক্ষার প্রকাশ। আর নারীকে তিনি যে স্নেহ, কোমলতা ও মমতার উপকরণ দান দিয়েছেন, তা পরিবারের মানসিক জগৎকে সমৃদ্ধ করে।
আজকের সমাজে যখন তত্ত্বাবধায়ন শব্দটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, তখন মূলত এই ধারণাটির প্রকৃতি, উদ্দেশ্য ও সামগ্রিক প্রেক্ষাপট না বুঝেই মন্তব্য করা হয়। অথচ ইসলাম তত্ত্বাবধায়নের মাধ্যমে যে ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, তা মানুষের প্রকৃতি, প্রয়োজন ও সীমাবদ্ধতা বিবেচনা করে গড়ে উঠেছে। পরিবারতন্ত্রের এই কাঠামো মানুষকে দায়িত্বজ্ঞানহীনতার বিপদ থেকে রক্ষা করে। এ জন্যই তত্ত্বাবধানের বিষয়টি বুঝতে হলে কোরআনের গভীরতা, ইসলামের ইতিহাস এবং মানব প্রকৃতির সামগ্রিক বাস্তবতা উপলব্ধি করতে হয়।
লেখক : মাদ্রাসাশিক্ষক ও প্রবন্ধকার
