টাঙ্গাইলে টুকু

সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১২ এএম

বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এ দেশের মানুষ গণতন্ত্রের সুবাতাস পাওয়া শুরু করেছে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা এই তফসিলকে স্বাগত জানাই। এ দেশ আমাদের, সবাই মিলে এ দেশকে গড়ে তুলতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ একটি নিরপেক্ষ নির্বাচন আশা করে। কারণ ২০১৪, ২০১৮ ও সবশেষ ২০২৪ সালে এ দেশের জনগণ ভোট দিতে পারেননি। দিনের ভোট রাতেই শেষ হয়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষের দরবার হলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

টুকু বলেন, ৩ কোটি ৮০ লাখের অধিক তরুণ ভোটার হওয়া সত্ত্বেও ভোট দিতে পারেননি। এখন তারা ভোট দিয়ে জনবান্ধব সরকার গঠন করতে চান। সবাই মিলে আমাদের এ দেশকে গড়ে তুলতে হবে।

সদর আসনে বিএনপির প্রার্থী টুকু আরও বলেন, পাকিস্তানিদের বিরুদ্ধে এবং স্বাধীনতাযুদ্ধে মূল বীজ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী কাগমারী সম্মেলনে বুনেছিলেন। পরবর্তী সময় যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মওলানা ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর এ কে এম মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত