ফেডারেশন কাপে আগের ম্যাচেই ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরেছিল আবাহনী লিমিটেড। তবে বাংলাদেশ ফুটবল লিগে সেই দলটিই ফকিরেরপুলকে ৫-০ গোলে হারিয়েছে। আবাহনীর হয়ে সুলেমান দিয়াবাতে জোড়া, মোরসালিন, মিরাজুল, আল আমিন একটি করে গোল করেন।
অক্টোবরে ফেডারেশন কাপ ম্যাচে ফকিরেরপুলকে ৪-২ গোল হারিয়েছিল আবাহনী। গতকাল মানিকগঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় তারা। ম্যাচের ৩১ মিনিটে সুলেমান দিয়াবাতে প্রথম গোল এনে দেন। এই গোলের অন্যতম কৃতিত্ব কাজেম শাহ’র। তার বাড়ানো বলেই দক্ষতার সঙ্গে ফিনিশ করেন মালির ফরোয়ার্ড। মিনিট দশেক পর আবার গোল করেন দিয়াবাতে। এবারও বক্সের মধ্যে থেকে বাড়ানো বল পেয়ে ফকিরেরপুলের ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে খানিকটা জায়গা করে নিয়ে বল জালে পাঠান। দিয়াবাতের জোড়া গোলের পর মিরাজুল গোল করেন। বক্সের ওপর থেকে নেওয়া শট ফকিরেরপুলের ডিফেন্স ও গোলরক্ষককে পরাস্ত করে।
দ্বিতীয়ার্ধে আবাহনী আরও দুই গোল করে। ৮০ মিনিটে মোরসালিন ও ৮৫ মিনিটে আল আমিন গোল করেন। আবাহনী ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ফকিরেরপুল ৫ পয়েন্টে অষ্টম অবস্থানে।
বাংলাদেশ পুলিশ ও পিডব্লিউডি’র মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। দুই দলেরই হোম ভেন্যু গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম। লিগ ম্যাচের ভেন্যু ছিল সেখানেই। তবে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানের প্রস্তুতির জন্য খেলাটি সরিয়ে আনা হয় বসন্ধুরার কিংস অ্যারেনায়। সেখানে দুই দলের কেউই গোল করতে পারেননি। এই ড্রয়ে পুলিশ ৬ ম্যাচে মোহামেডান ও ব্রাদার্সের সমান ৭ পয়েন্ট। পিডব্লিউডি এক পয়েন্ট পেয়ে ৯ নম্বর থেকে ৬ নম্বর অবস্থানে এসেছে। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৬।
