আট দিন পর উৎপাদনে তাপবিদ্যুতের প্রথম ইউনিট

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ এএম

যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ৮ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিট উৎপাদনে ফিরল। তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫  মেগাওয়াটের প্রথম ইউনিটটি থেকে প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রথম ইউনিট চালু রাখতে দৈনিক ৬শ’ থেকে ৮শ’ মেট্রিক টন কয়লা দরকার পড়বে। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি নিশ্চিত করেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক। 

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট দুটি ১২৫ মেগাওয়াটের এবং তৃতীয় ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন। তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর থেকে ৫ বছর ধরে বন্ধ রয়েছে।

গত ৬ ডিসেম্বর বেলা পৌনে ১২টার দিকে কেন্দ্রের ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় কয়লাভিত্তিক ৫২৫  মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম। তাপবিদ্যুৎ  কেন্দ্রটি পুরোপুরি ৮ দিন বন্ধ থাকার পর মেরামত কাজ শেষে প্রথম ইউনিটে উৎপাদন শুরু হয়। এর আগে ১৬ অক্টোবর সকাল ৮টা ৩৫ মিনিটে তাপবিদ্যুৎ  কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটটিও বন্ধ হয়ে যায়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের মেরামত শেষে বেলা ২টায় বয়লারে ফায়ারিং করা হয়। রাত পৌনে ৯টা থেকে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটটির বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রের অপর ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটটির মেরামত কাজ চলমান। আশা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে উৎপাদনে ফিরবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত