প্রগতি-টয়োটা পার্টনারশিপের আওতায় জাপানি টয়োটা হায়েস এখন থেকে প্রগতি ইন্ডাস্ট্রিজ বিক্রি করবে। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এর অধীনস্থ প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পিআইএল) চট্টগামের কারখানায় এ যৌথ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গতকাল রবিবার প্রগতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রগতি জানায়, টয়োটা হায়েস ১২ সিটের গাড়িতে আছে উচ্চ ক্ষমতার অকটেনচালিত ২৬৯৪ সিসির ২ দশমিক ৭ লিটার ইঞ্জিন, ৫ স্পিড ম্যানুয়াল ও ৭০ লিটার ধারণ ক্ষমতার ফুয়েল ট্যাংক। টয়োটা হায়েস কমিউটার গাড়িটির রেজিস্ট্রেশন ছাড়া বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ লাখ পঁচাত্তর হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান। টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিথ সিং, বিএসইসির চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম (অতিরিক্ত সচিব), যুগ্মসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মঞ্জুরুল হাফিজ, প্রগতির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ এবং শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
