মিয়ানমারের কারাগারে বন্দি শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির স্বাস্থ্য ভালো আছে। দেশটির সাবেক এই নেত্রীর ছেলে কিম অ্যারিস মায়ের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশের পর মিয়ানমারের জান্তা পরিচালিত গণমাধ্যমে গত মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যারিস বলেন, তার মায়ের স্বাস্থ্য ভেঙে পড়ছে। তার সম্পর্কে অনেক দিন ধরেই তেমন কিছু জানা যাচ্ছে না। সু চি বেঁচে আছে কি না তাও জানেন না বলে মন্তব্য করেছিলেন অ্যারিস।
জান্তা পরিচালিত মিয়ানমার ডিজিটাল নিউজে বলা হয়, ‘দাও অং সান সু চির স্বাস্থ্য ভালো আছে। বিবৃতিতে সু চির নামের আগে একটি সম্মানসূচক উপাধি ব্যবহার করা হয়েছে। কিম অ্যারিসের সাক্ষাৎকারটি প্রকাশের এক দিন পর এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। তবে এতে সু চির শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে আরও জানতে জান্তা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও জবাব পাওয়া যায়নি। মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর সু চিকে গ্রেপ্তার করা হয়।
