কুমিল্লা নগরীর তিনটি বাস টার্মিনালে পরিবহন মালিকদের বৃহৎ সংগঠন কুমিল্লা বাস মালিক গ্রুপের ডাকা ধর্মঘট ৯ ঘণ্টা পর স্থগিত করা হয়েছে। গতকাল দুপুর দেড়টার পর থেকে ধীরে ধীরে বাস চলাচল শুরু হয়। এর আগে কুমিল্লা-চাঁদপুর রুটে আইদি পরিবহনের বাস জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়। এর ফলে কুমিল্লা নগরী ও আশপাশের প্রায় ৪০টি রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ ছিল। দুপুরে জেলা প্রশাসনের আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা বাস মালিক গ্রুপের কার্যকরী সভাপতি তাজুল ইসলাম।
পরিবহন নেতারা জানান, কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনাল থেকে কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-চাঁদপুরসহ অভ্যন্তরীণ ও আন্তঃজেলা প্রায় ৪০টি সড়কে কয়েক হাজার বাস ও মিনিবাস চলাচল করে।
আইদি পরিবহনের চেয়ারম্যান মীর পারভেজ আলমের অভিযোগ, ২০২৩ সালে চাঁদপুর জেলা প্রশাসকের অনুমতি নিয়ে কুমিল্লা-চাঁদপুর রুটে বাস চলাচল শুরু করা হয়। তবে শুরু থেকেই কুমিল্লা বাস মালিক গ্রুপ বাধা দিয়ে আসছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাধ্য হয়ে জাঙ্গালিয়া বাস টার্মিনাল ব্যবহার বন্ধ করে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে বাস চালু করা হয়। সম্প্রতি জাঙ্গালিয়ায় বাস আনতে গেলে শ্রমিক নেতারা বাধা দেন।
এদিকে কুমিল্লা বাস মালিক গ্রুপের কার্যকরী সভাপতি তাজুল ইসলাম বলেন, ‘আইদি পরিবহন চাঁদপুর জেলা প্রশাসন থেকে পারমিট পেলেও কুমিল্লা থেকে রুট পারমিট নেয়নি। তবুও তারা জাঙ্গালিয়া বাস টার্মিনাল ব্যবহার করতে চায়।’
কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক বলেন, ‘দুই পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, আইদি পরিবহনের বাস জাঙ্গালিয়া টার্মিনাল ব্যবহার করবে না। তারা বিকল্প হিসেবে পদুয়ার বাজার থেকে চলবে। উভয় পক্ষ এতে সম্মত হওয়ায় ধর্মঘট স্থগিত করা হয়েছে।’
