বিজয়নগর থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ এএম

রাজধানীর বিজয়নগরের একটি আবাসিক হোটেল থেকে জাতীয় পার্টির বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলুর (৬৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবার বলছে, হার্ট অ্যাটাক করেছিলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পল্টন থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, গত বুধবার সকালে হোটেল বিজয়নগরের ৩য় তলার ৩২৪ নম্বর কক্ষে উঠেছিলেন তিনি।

গতকাল দুপুরে ওই কক্ষের বাথরুমে অচেতন অবস্থায় পড়ে ছিলেন তিনি। তখন হোটেল কর্তৃপক্ষ ও তার এক পরিচিত এক ব্যক্তি সেখান থেকে তাকে বের করেন। পরে ৯৯৯ এ খবর দিলে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে মৃতের স্বজনরা জানিয়েছেন, তিনি হার্টের রোগী ছিলেন। এর আগেও তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত