কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বামী সাকিব মিয়া নামের এক ব্যক্তি শ্বশুরবাড়িতে স্ত্রী ইভাকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের ছয়চির গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে সাকিব মিয়া (২৫) পলাতক রয়েছেন। নিহত ইভা (২০) সুখিয়া ইউনিয়নের ছয়চির গ্রামের সৌদি আরব প্রবাসী ইব্রাহিম মিয়ার মেয়ে। অভিযুক্ত সাকিব মিয়ার বাড়ি একই ইউনিয়নের আগরপাট্টা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে সাকিব ও ইভার বিয়ে হয়। তাদের সংসারে ছয় মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকে ইভা বাবার বাড়িতেই বসবাস করে আসছিলেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাকিব শ্বশুরবাড়িতে গেলে পারিবারিক বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিব ইভার হাত-পা বেঁধে তাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা ইভাকে উদ্ধার করে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
