বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

একটি মহল দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দিচ্ছে

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ এএম

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচীসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং খুলনায় ভারতীয় হাইকমিশনে হামলার সংঘটিত ঘটনাবলি ‘জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র’ বলে মনে করে বিএনপি।

গতকাল শুক্রবার রাতে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সিদ্ধান্ত জানাতে গিয়ে এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এসব ঘৃণ্য ঘটনাবলির তীব্র নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি। যে ঘটনা প্রমাণ করে একটি পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। যখন ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সব দল প্রতিবাদ করে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে চলছে, হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে। এরূপ পরিস্থিতিতে এ ধরনের ন্যক্কারজনক হামলার ঘটনা আগামী জাতীয় নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করি।’

মির্জা ফখরুল বলেন, ‘শান্তিকামী দেশবাসীর পক্ষ থেকে এ ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই। এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে আমরা ধ্বংস হতে দিতে পারি না। এ অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্যবিরোধী সব রাজনৈতিক সামাজিক শক্তির আজ ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। যে ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তী সরকার ও জাতীয় নির্বাচন আদায় করেছি। এরই ধারাবাহিকতায় আমরা সব দেশপ্রেমিক শক্তিকে আজ আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সরকারের নাকের ডগাতেই তারা এ তৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণও মনে করে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। ফলে দেশ-বিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়ে চলেছে।’

এর আগে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাতে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত