সড়কে ২ তরুণের মৃত্যুর জেরে ফাঁড়িতে হামলা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ এএম

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় সার্কিট হাউজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বিরুদ্ধে ধাওয়ার অভিযোগ তুলে বিক্ষুব্ধ জনতা ৪ ঘণ্টা সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের দুই ধারে কয়েক কিলোমিটার যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে উত্তেজিত জনতা পুলিশ ফাঁড়ি ও পুলিশ বক্সে ভাঙচুর করে দুটি মোটরসাইকেলে আগুন দেয়। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোল্লাডাঙ্গা পচাপুকুর মহল্লার শাহ আলমের ছেলে রিফাত আলী (১৮) ও  চান্দলাই-জোড়বাগান মহল্লার আশরাফুল ইসলামের ছেলে সোহাগ আহমেদ (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কের সার্কিট হাউজ মোড়ে রিফাত ও সোহাগের বহনকারী মোটরসাইকেল থামানোর সংকেত দেন ট্রাফিক পুলিশের সদস্যরা। পুলিশের সংকেত ভেঙে তারা চলে যাওয়ার চেষ্টা করার সময় পুলিশ সদস্যরা মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে তারা ট্রাকের সঙ্গে ধাক্কা খান এবং নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান রিফাত।

স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে প্রথামে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে মারা যান তিনি। সোহাগের বাবা আশরাফুল ইসলাম জানান, পুলিশের ধাক্কাতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনের দিকে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে রিফাত ও সোহাগ। এতেই তাদের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সার্কিট হাউজ মোড়ে সড়কের ওপর মরদেহ রেখে অবরোধ করে। পরে বিশ্বরোড মোড়ে পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালায়।

এ সময় পুলিশ বক্সের আসবাবপত্র বাইরে এনে আগুন জ¦ালিয়ে দেয়। অন্যদিকে ঘটনাস্থলের অদূরে শান্তিবাগ এলাকার পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করে উত্তেজিত জনতা। সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুনে দেওয়া হয়।

পরে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনে মরদেহটি উদ্ধার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে বিক্ষোভ করছে উত্তেজিত জনতা।

দুই তরুণের মৃত্যুর কথা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত