বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসছেন আগামী ২৫ ডিসেম্বর। ১৮ বছর পর দেশে আসার খবরটি নিশ্চিত হওয়ায় বগুড়ায় তারেক রহমানের বাসায় সংস্কার চলছে দ্রুতগতিতে। বগুড়া শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে তিনতলা এই বাসাটির অবস্থান। বাড়ির গেটে বড় করে লেখা রয়েছে ‘গ্রীণ এস্টেট’। ১৮ বছর পর খুব জোরেশোরেই গ্রীণ এস্টেটের সংস্কারকাজ চলছে। গতকাল শনিবার দুপুরে সরেজমিন গিয়ে তা চোখে পড়ে। তৎকালীন এই বাসা থেকেই বগুড়া তথা উত্তরাঞ্চলের নেতাদের সঙ্গে রাজনৈতিক কর্মকা- চালাতেন তারেক রহমান।
স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতার সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু তারেক রহমানকে তারই বাসার পাশের ৫ শতক জমি মৌখিকভাবে দেন। সেখানে তারেক রহমান নিজের টাকায় বাড়িটি করেন। বিশেষ নিরাপত্তা অনুযায়ী বাড়ির ডিজাইন এবং সিঁড়ি করা হয়। মূলত তারেক রহমান বগুড়ার এই বাড়িটাকেই ঠিকানা হিসেবে নিয়েছিলেন। তারেক রহমানের আগমনের বার্তা পেয়ে সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু সংস্কারকাজটি শুরু করেছেন। হেলালুজ্জামান জানান, আমার বাসার পাশেই তারেক রহমানের বাসা। আমি জায়গাটি উনাকে মৌখিকভাবে দেই। তিনি নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিজেই বাসা নির্মাণ করেছিলেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের বাংলাদেশ আগমনের বার্তা জানার পর আমি উনার নিজের বাসা সংস্কারে হাত দিয়েছি। কারণ তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করছেন। ওটা উনার নিজের বাসা। বগুড়ায় না এসে উনি থাকতেই পারবেন না এবং নিজের বাসাতেই থাকবেন এটা আমার উপলব্ধি। তবে যতটুকু জেনেছি ঢাকা থেকেই মনোনয়ন দাখিল করবেন। কেন্দ্রীয় নেতারা এতটুকু আভাস দিয়েছেন। মনোনয়ন ঢাকা থেকে দাখিল করলেও বগুড়ায় তিনি আসবেন এবং উনার বাসাতেই থাকবেন। গতকাল দুপুরে তারেক রহমানের বাসার কাজের তদারকিতে থাকা রেজা বলেন, তারেক রহমানের এই বাড়িতে আমি কাজ করছি ২০০৪ সাল থেকে। গত ১৮ বছর বাড়ি বন্ধ হয়ে ছিল। অনেক কিছুই নষ্ট হয়েছে। সবকিছু আবার সাবেক এমপি লালু সাহেবের নির্দেশনা মোতাবেক সংস্কার করা হচ্ছে। আমরা আনন্দিত নেতা দেশে আসছেন। আর বগুড়া আসলে অবশ্যই তার নিজের বাড়িতেই থাকবেন। তার রাজনীতি পরিচালনা করবেন।
