গত দ্বাদশ সংসদ ও উপজেলা পরিষদের নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন নিয়ে ব্যালটে সিল মেরে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসা যুবলীগ নেতা এবং ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামকে (৩৭) আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে তেঁতুলিয়া মডেল থানা-পুলিশ।
এর আগে গত শুক্রবার রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কাজীগছ এলাকায় তার নিজবাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। জানা গেছে, আটক আশরাফুল ইসলাম জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও শালবাহান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
পুলিশ জানায়, গত শুক্রবার রাত ২টায় তেঁতুলিয়া মডেল থানার একটি পুলিশের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া উপজেলার কাজীগছ এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ছাড়া জেলা কৃষক লীগের কার্যকরী সদস্য আশরাফ আলী (৪৪) নামের আরেক কৃষক লীগ নেতাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় তেঁতুলিয়া মডেল থানা।
এদিকে তেঁতুলিয়া মডেল থানার ওসি বলেন, আশরাফুল ইসলামসহ দুজনকে আটকের পর গতকাল শনিবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
