সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার কারাগারে

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার (৬৫)-কে কারাগারে পাঠিয়েছে আদালত।

গতকাল রবিবার দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলি আদালতের বিচারক মো. সিফাত উল্লাহ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মামলায় আত্মসমর্পণের পর আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আদালত এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মো. মোস্তাসিনুর রহমান বলেন, বিচারকের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, চলতি বছরের ১৫ এপ্রিল মো. আমীর হোসেন  নামের এক ব্যক্তি ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। পরে ২৩ জুন আদালতের নির্দেশে ফুলপুর থানা পুলিশ মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করে।

এজাহারে অভিযোগ করা হয়, ঘটনার দিন ফুলপুর পৌর এলাকায় শাহ শহীদ সারোয়ারের নেতৃত্বে আসামিরা বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় বাদী মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

উল্লেখ্য, শাহ শহীদ সারোয়ার ময়মনসিংহ-২ আসনে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এম শামছুল হককে পরাজিত করে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে পরাজিত হন। এরপর ২০১৮ সালের সংসদ নির্বাচনেও বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিলেও জয়ী হতে পারেননি। সবশেষ ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচনে ঈগল প্রতীকে অংশ নিয়ে দল থেকে বহিষ্কার হন সারোয়ার। সাবেক এই সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত