শঙ্কা উড়িয়ে দলগুলোর অনুশীলন শুরু

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ এএম

রাজনৈতিক অস্থিরতা ও দেশ জুড়ে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভবের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর আয়োজন নিয়ে জেগেছিল শঙ্কা। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। তবে সর্বোচ্চ পর্যায়ের সবুজ সংকেত পেয়ে দলগুলোকেও সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, ফলে দ্বিধা কাটিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে বেশিরভাগ দলই।

মিরপুরের বিসিবি-একাডেমি মাঠে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে রাজশাহী ওয়ারিয়র্স। অনুশীলন শেষ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এনসিএল জয়ী অধিনায়ক আকবর আলী। দলে মুশফিকুর রহিম থাকায় খুব স্বাভাবিকভাবেই ফ্র্যাঞ্চাইজি কর্র্তৃপক্ষ চাইবে গ্লাভস হাতে তাকেই দাঁড় করাতে। আকবর চান ব্যাটিং দিয়ে একাদশে জায়গা করে নিতে, ‘মুশফিক ভাইয়ের মতো একজন ক্রিকেটার দলে থাকা বিশাল আশীর্বাদ। তার কাছ থেকে সবসময়ই শেখার মতো অনেক কিছু থাকে। তার অভিজ্ঞতা থেকে সবাই উপকৃত হয়। আমরা যতটা সম্ভব শেখার চেষ্টা করব। প্রত্যেক ক্রিকেটারই খেলার প্রত্যাশা নিয়ে আসে, আমিও এর বাইরে নই। ইনশাআল্লাহ আমি খেলব এই প্রত্যাশা অবশ্যই আছে। তবে কে খেলবে আর কে খেলবে না, সেটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি প্রস্তুত আছি, দল যে ভূমিকায় আমাকে চাইবে, সেখানেই খেলার জন্য প্রস্তুত।’ রাজশাহীর কোচ হান্নান সরকার আগের দিন জানিয়েছিলেন মুশফিককেই উইকেটরক্ষক হিসেবে তার প্রথম পছন্দের কথা, সে ক্ষেত্রে আকবরকে দেখা যেতে পারে শুধুই ব্যাটসম্যান হিসেবে। যদিও এই নিয়ে মন্তব্য করতে চাইলেন না আকবর, ‘এই বিষয়ে মন্তব্য করা আমার জন্য ঠিক হবে না। এমন কিছু বলতে চাই না, যাতে দলের পরিবেশে অস্বস্তি তৈরি হয়। এসব সিদ্ধান্ত ম্যানেজমেন্টের।’

রবিবার অনুশীলন শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। পূর্বাচলে ক্রিকেটার্স একাডেমিতে শুরু হয়েছে তাদের অনুশীলন। মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক নির্বাচিত করেছে ঢাকা। ২৩ ডিসেম্বর ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা পাড়ি জমাবেন সিলেটে। ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা ২৪ ডিসেম্বর সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন।

রবিবার আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। বসুন্ধরা স্পোর্টস সিটিতে হোম অব রাইডার্স মাঠে শুরু হয়েছে রংপুর রাইডার্সের নতুন মৌসুমের অনুশীলন। আজ এই মাঠে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে রংপুর। তাদের প্রথম খেলা ২৯ ডিসেম্বর, তাই রংপুর ঢাকা ছাড়বে ২৭ ডিসেম্বর। তার আগ পর্যন্ত নিজেদের মাঠেই অনুশীলন চালিয়ে যাবে রংপুর। তারকাবহুল রংপুর দলে আছেন বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানাও। বিপিএলে তার বলে বেশ কিছু বৈচিত্র্য দেখা যাবে বলেই জানালেন দীর্ঘদেহী এই পেসার, ‘ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব। নতুন যে স্কিলগুলো নিয়ে কাজ করছি, সেগুলো এবার বিপিএলে ডেলিভার করার চেষ্টা করব। আমি চেষ্টা করছিলাম পারফেক্ট ইয়র্কার, সেøায়ার ডেলিভারি ঠিকভাবে করার। যে জিনিসগুলো স্পেশালি ডেথ বোলিংয়ের সময় লাগে টি-টোয়েন্টি ক্রিকেটে, ওই জিনিসগুলোই চেষ্টা করছি।’

নোয়াখালী এক্সপ্রেস অনুশীলন শুরু করবে আজ সোমবার। পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে দুপুর ২টায় শুরু হবে নোয়াখালী দলের অনুশীলন। রবিবার থেকে ৩ দিনের অনুশীলন ক্যাম্প শুরু করেছে সিলেট টাইটানসও। ২১ থেকে ২৩, এই ৩ দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি নেবে সিলেট টাইটানস। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে তাদের ম্যাচ দিয়েই পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত