মাদারীপুরের শিবচরে সুশাসন ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদারহাট এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন 'ইচ্ছেঘুড়ি সমাজকল্যাণ সংগঠন' এর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজান। 'ইচ্ছেঘুড়ি সমাজকল্যাণ সংগঠনের সভাপতি শাহীন খান এর সভাপতিত্বে এবং স্থানীয় স্বেচ্ছাসেবক রুবেল মিয়া হৃদয়ের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, শিবচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুর্নিমা কবিরাজ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ‘মাদক ও দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে কাজ করলে সমাজ থেকে মাদক ও দুর্নীতি দূর করা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে সবাইকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সমাজ থেকে মাদক দূর করতে হলে আগে নিজেকে বদলাতে হবে, নিজ পরিবারের মধ্যে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সমাজের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এ সময় তিনি উপজেলার বিভিন্ন দফতরের সেবা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক শ্রেণি এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
