হাতিয়ায় নদীতে ভাসমান ট্রলার থেকে ৭ জন উদ্ধার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ এএম

নোয়াখালীর হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা যাত্রীসহ একটি ট্রলার উদ্ধার করেছে নৌ-পুলিশ। ঘটনার ১০ ঘণ্টা পর উপজেলার ‘বদনার চরের’ কাছ থেকে গতকাল বুধবার ট্রলারটি উদ্ধার করা হয়। এর আগে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে চরে আটকা পড়লে ৯৯৯ নম্বরে কল দিয়ে সহযোগিতা চাওয়া হয়। পরে হাতিয়া নৌ-পুলিশ জোয়ার আসার পর তাদেরকে উদ্বার করে। এ সময় ট্রলারে এক নারী, চার শিশু ও দুজন পুরুষ ছিলেন।

উদ্ধার হওয়া জেলে পরিবারের প্রধান রাজিব উদ্দিনের বাড়ি উপজেলার চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামে। রাজিব জানান, তার শ^শুর বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। গতকাল বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে তিনি ছোট এই ট্রলারে লালমোহন থেকে হাতিয়ার উদ্দেশে ছেড়ে আসেন। সন্ধ্যার একটু আগে ট্রলারটি হাতিয়ার বদনার চরের কাছাকাছি এলে ইঞ্জিন বিকল হয়। ইতিমধ্যে ভাটার কারণে নদীতে পানি শুকিয়ে চরে আটকা পড়েন তারা। রাত হয়ে যাওয়ায় তীরে আসার মতো কোনো ট্রলার পাওয়া যায়নি। উপায় না পেয়ে জাতীয় জরুরি নাম্বার ৯৯৯-এ কল দেন তারা। পরে নৌ-পুলিশ এসে ভোর রাত পর্যন্ত অপেক্ষা করে তাদের তীরে পৌঁছে দেয়। পরিবারের ছোট ছোট শিশু ও নারী সদস্যদের নিয়ে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিত সাহা বলেন, ‘গত মঙ্গলবার রাতে ৯৯৯ থেকে এই পরিবারটিকে উদ্বার করতে বলা হয়। পরে নৌ-পুলিশের একটি টিম গিয়ে রাতভর অপেক্ষা করে পরদিন সকালে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া চার শিশুসহ সবার বাড়ি চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত