ব্রুনোর অভাব পূরণ করা অসম্ভব: সিটি কোচ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ এএম

ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের চোট খুব দীর্ঘমেয়াদি হবে না বলে আশাবাদী কোচ রুবেন আমোরিম। তবে ঠিক কবে তিনি মাঠে ফিরবেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন পর্তুগিজ কোচ। গত রবিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের ম্যাচে নরম টিস্যুর চোটে পড়েন ব্রুনো।

ম্যাচের পর আমোরিম জানিয়েছিলেন, তার আশঙ্কা অধিনায়ককে ‘কিছু সময়ের জন্য’ মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে বক্সিং ডে ম্যাচের আগে এসে তিনি সেই বক্তব্য কিছুটা নরম করেন। একই সঙ্গে ভিলার বিপক্ষে ম্যাচ মিস করা কোবি মাইনুর কাফের চোট নিয়েও কথা বলেন তিনি।

নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে তাদের ফেরার সম্ভাবনা নিয়ে আমোরিম বলেন, ‘এই ম্যাচে নয়। তারা দুজনই সেরে উঠছে। আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে। আমার ধারণা, কোবি ব্রুনোর চেয়ে দ্রুত ফিরতে পারবে। আমি কোনো সময়সীমা বলতে চাই না। আমার মাথায় একটা ধারণা আছে, দেখা যাক।’

অধিনায়ক না থাকায় দলের অন্য খেলোয়াড়দের দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন ম্যানইউ কোচ। তিনি বলেন, ‘ব্রুনোর অভাব পূরণ করা অসম্ভব—আজ সকালেই আমি এটা দলকে বলেছি। আমাদের ভালো দিকটা খুঁজে নিতে হবে। অনেককে সামনে আসতে হবে এবং বুঝতে হবে যে সব কিছুর জন্য আমরা একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করতে পারি না।’

তিনি ব্যাখ্যা করে বলেন, ‘অনেক সময় আমরা সংগঠন আর আক্রমণ গঠনের জন্য ব্রুনোর ওপর ভরসা করি। সেট-পিসে আমরা ব্রুনোকে হারিয়েছি, ব্রায়ান এমবেউমো ও আমাদকেও হারিয়েছি। এটা দলের জন্য বড় ক্ষতি। কিন্তু একই সঙ্গে অন্যদের সামনে আসার এবং নেতৃত্ব দেখানোর সুযোগ।’ ব্রুনোর নেতৃত্বের অভাব কতটা অনুভূত হবে—এ প্রশ্নে আমোরিম বলেন, ‘সব কিছুতেই।’

তিনি যোগ করেন, ‘ও মাঠের প্রতিটি পজিশন বোঝে, প্রতিটি খুঁটিনাটির দিকে নজর রাখে। সেট-পিসে বা বদলি হলে সব সময় অন্যদের কোথায় দাঁড়াতে হবে সেটা বলে দেয়। তবে এটা লিচা (লিসান্দ্রো মার্তিনেজ), লুক শ’সহ অন্যদের জন্য বড় সুযোগ। আমাদের দলে আরও নেতা দরকার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত