গাজীপুরের শ্রীপুরে শিশুপল্লী প্লাসে চার শতাধিক শিশুর জন্মদিন একত্রে পালন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও একইভাবে জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে শিশুদের মধ্যে উপহার বিতরণ করা হয়েছে। জন্মদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন দাতব্যপ্রতিষ্ঠান এবং দাতা সদস্যরা অতিথি হিসেবে যোগ দেন। সকালে সব শিশু ও মাদের নিয়ে বিশাল আকারের কেক কাটা হয়।
গতকাল বৃহস্পতিবার শিশুপল্লী প্লাসের নিজস্ব ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। দিনব্যাপী চলে অনুষ্ঠান।
তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে অনাথ শিশু ও অসহায় মাদের নিয়ে গড়ে ওঠা ট্রাস্টি প্রতিষ্ঠান ‘শিশুপ্ললী প্লাস’ এ আয়োজন করে। প্রতি বছরের ২৫ ডিসেম্বর এ আয়োজন করা হয়। বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় শিশুপল্লী প্লাস। এখানে থাকা শিশু আর পিতামাতা-হারা অথবা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া শিশুদের নিয়ে চলে জাঁকজমকপূর্ণ আয়োজন। পরে শিশুদের মধ্যে খেলাধুলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বড়দিন উপলক্ষে প্রতি বছর মা শিশুদের আনন্দ দিতে এ আয়োজন করা হয়। দুপুরে পরিবেশিত উন্নœতমানের খাবার খান সবাই।
কর্মকর্তারা জানান, ১৯৮৯ সালে এ প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। সেই থেকে প্রতি বছরের ২৫ ডিসেম্বর বড়দিনকে উপলক্ষ করে শিশুদের জন্মদিন পালন ও উপহার দেওয়া হয়। এটি একটি ‘মা ও শিশু পুর্নবাসন কেন্দ্র’। ব্রিটিশ নারী পেট্রিসিয়া অ্যান ভিভিয়ান কার এটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ পুনর্বাসন কেন্দ্রে ছয় শতাধিক মা ও শিশু আছেন। এখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে।
শিশুপল্লী প্লাসের আবাসিক আর্টিস্ট মিলন রব জানান, প্রতি বছরের মতো এবারও আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠানের সব শিশুদের জন্মদিন পালন করা হয়। শিশুদের খেলনা ও নতুন কাপড় দেওয়া হয়। এখানে অনেক মা আছেন যাদের কর্মমুখী করে বাইরে প্রতিষ্ঠিত করা হয়েছে। এখানে শিশুদের জন্য স্কুল, খেলার মাঠ ও ছবি আঁকার গ্যালারি আছে। তিনি বলেন, এ প্রতিষ্ঠান থেকে বের হয়ে বিভিন্ন ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত হয়েছেন তাদেরও এ দিনে আমন্ত্রণ করা হয়। এ দিনের অনুষ্ঠান মিলনমেলায় রূপ নেয়।
