সখীপুর-গোড়াই সড়কে দুর্ঘটনা

জন্মের কয়েক ঘণ্টার পরেই প্রাণ গেল নবজাতকের, মা লাইফ সাপোর্টে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম

একটি শিশুর জন্ম মানেই আনন্দ, স্বপ্ন আর নতুন জীবনের প্রতিশ্রুতি। কিন্তু সখীপুরে সেই প্রতিশ্রুতি পূরণ হওয়ার আগেই ভেঙে চুরমার হয়ে গেছে। পৃথিবীর আলো দেখার কয়েক ঘণ্টার মধ্যেই নিভে গেল এক নিষ্পাপ প্রাণ। শিশুটি বেড়ে উঠার আগেই হার মানল নির্মম বাস্তবতার কাছে।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার প্রতিমা বংকী পশ্চিম পাড়া গ্রামের লিপি আক্তার (৩০) ছিলেন আট মাসের অন্তঃসত্ত্বা। বুকভরা স্বপ্ন নিয়ে অনাগত সন্তানের অপেক্ষায় দিন গুনছিলেন তিনি। জানা যায়, গত ২৩ ডিসেম্বর সখীপুর-গোড়াই সড়কে শোলাপ্রতিমা এলাকায় একটি সিএনজি ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়।

স্থানীয়রা জানান, আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত অবস্থায় লিপিকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। লিপিকে ছাড়া অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

কিন্তু এখানে শুরু হয় আরেক ট্র্যাজেডি। পরিবারের অসচেতনতা আর দালালচক্রের প্রলোভনে পড়ে প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার বাড়তি ব্যয়ের চাপে পড়ে পরিবার। শেষ পর্যন্ত তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এখনো লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়ছেন লিপি আক্তার।

গত বৃহস্পতিবার গভীর রাতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় নবজাতকটির জন্ম হয়। কেউ কোল নিতে পারেনি, কেউ নাম রাখার সুযোগও পায়নি। জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই নিঃশব্দে থেমে যায় শিশুটির হৃদস্পন্দন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শিশুটি চলে যায় না ফেরার দেশে। মা তখনো জানেন না তার বুকের ভেতর লালিত সন্তানের জীবন প্রদীপ নিভে গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে নবজাতকের মরদেহ গ্রামে আনা হয়। কবরের মাটিতে শুইয়ে দেওয়া হয় সেই শিশুটিকে।

একদিকে মৃত্যুর সঙ্গে লড়াই করা মা, অন্যদিকে মাটির নিচে শুয়ে থাকা তার সদ্য জন্ম নেওয়া সন্তান, এই দুই দৃশ্য মিলে পুরো এলাকা আজ শোকে স্তব্ধ। স্থানীয়দের একটাই প্রশ্ন, আর কত প্রাণ গেলে নিরাপদ হবে সড়ক? আর কত মা হারাবেন সন্তান জন্ম দেওয়ার আগেই?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত