শখ করে বাবার সঙ্গে সাগরে গিয়েছিল ১২ বছরের শিশু সিয়াম। মাছ ধরা দেখবে এই ছিল তার আবদার। কিন্তু সেই আনন্দের যাত্রাই পরিণত হলো জীবনের শেষ যাত্রায়। পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় বাবা শামীম ও তার শিশু ছেলে সিয়ামের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি গত বৃহস্পতিবার রাতে উদ্ধার করে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা স্লুইসের ঘাটে আনা হয়। এ সময় ট্রলারের ভেতর থেকেই উদ্ধার করা হয় শামীমের মরদেহ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ট্রলারডুবির ঘটনাস্থল বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় শামীমের ছেলে সিয়ামের মরদেহ। পরে দুপুর আড়াইটার দিকে সিয়ামের মরদেহ বাড়িতে এনে পরিবারের কাছে হস্তান্তর করে কোস্ট গার্ড।
উদ্ধার হওয়া জেলে রাব্বি, শাওন ও রাশেদ বলেন, গত বুধবার রাতে বঙ্গোপসাগরের পাইপ বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা জানান, গত রবিবার চরগঙ্গা বাঁধঘাট বাজার এলাকা থেকে ট্রলার মালিক সিদ্দিক জোমাদ্দার, তার ছেলে শামীম, নাতি সিয়ামসহ মোট ছয়জনকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে রওনা হয়। টানা দুই দিন মাছ ধরার পর গত বুধবার রাতে ট্রলারটি পাইপ বয়া এলাকায় নোঙর করে রাখা হয়। হঠাৎ ঝড়ো বাতাস শুরু হয়। এ সময় ট্রলারের নিচে ছিদ্র হয়ে পানি ঢুকতে থাকে। একপর্যায়ে ট্রলারটি কাত হয়ে অল্প সময়ের মধ্যেই ডুবে যায়। দুর্ঘটনার সময় শিশু সিয়াম ও শামীম ট্রলারের ভেতরে আটকা পড়েন। ছেলে ও নাতিকে একসঙ্গে হারিয়ে শোকে কাতর ট্রলার মালিক মো. সিদ্দিক জোমাদ্দার বলেন, শখের বশে নাতি বাবার সঙ্গে সাগরে গিয়েছিল। আমি একসঙ্গে আমার ছেলে ও নাতিকে হারালাম।
রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ মো. নূরে জায়েদ বলেন, ট্রলারডুবিতে বাবা ছেলের মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক। আমরা তাদের বাড়িতে গিয়েছি। বাবা-ছেলের মরদেহ দাফন করা হয়েছে।
