৩ উইকেট নিলেন রিশাদ হোসেন, হোবার্ট হারিকেনস পেল তৃতীয় জয়। শুক্রবার বিগব্যাশ লিগের খেলায় হোবার্ট হারিকেনস ৪ উইকেটে হারিয়েছে পার্থ স্কর্চার্সকে। চার ম্যাচে তৃতীয় জয়ে হোবার্ট উঠে এসেছে পয়েন্ট টেবিলের দুইয়ে।
টসে জিতে আগে বোলিং নেন হোবার্ট হারিকেনসের অধিনায়ক নাথান এলিস। রিশাদ প্রথম বল হাতে পান পঞ্চম ওভারে। কোনো উইকেট পাননি সেই ওভারে, বরং হজম করেছেন ফিন অ্যালেনের হাতে ছক্কা। এরপর সপ্তম ওভারে, প্রথম ওভারে উইকেট না পেলেও দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই আউট করেন কুপার কনোলিকে। অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দলের উঠতি তারকা কনোলি বিগব্যাশে আগের দুই ম্যাচে করেছেন যথাক্রমে ৫৯ ও ৭৭। তাকেই রিশাদ আউট করে দিয়েছেন মাত্র ৬ রানে, ক্রিস জর্ডানের ক্যাচ বানিয়ে। এরপর রিশাদ একে একে আউট করেছেন অ্যারন হার্ডি এবং লরি ইভান্সকে। সব মিলিয়ে ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট রিশাদের। পার্থ স্কর্চার্স ২০ ওভারে করতে পারে ৮ উইকেটে ১৫০ রান। যে রানটা ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে হোবার্ট হারিকেনস।
