সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তে অভিযান চালিয়ে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। গতকাল শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চারাগাঁও বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তের মাইজহাটি এলাকায় পলিথিনে মোড়ানো এবং গাছের ডালপালা দিয়ে লুকানো অবস্থায় ডেটোনেটরগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত ডেটোনেটরগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (ওঊউ) তৈরিতে ব্যবহারযোগ্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। দেশে স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশে নাশকতামূলক কর্মকা- ব্যবহারের জন্য এসব বিস্ফোরক জাতীয় দ্রব্য সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, অভিযান বৃদ্ধি এবং সতর্ক অবস্থান বজায় রাখার ফলেই এই চোরাচালান ঠেকানো সম্ভব হয়েছে।
