ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ এএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সৎ ভাইয়ের ছেলের ছোড়া ইটের আঘাতে চাচা আমির খান (৫৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আমির খান দক্ষিণ জামশা গ্রামের হোসেন খানের ছেলে এবং তিন সন্তানের জনক। অভিযুক্ত ভাতিজা ফয়সাল খান রিফাত (২২) আমির খানের সৎ ভাই খোরশেদ খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আমির খান ও রিফাতের মধ্যে বিরোধ চলছিল। গতকাল সকালে গাছের ডাল কাটা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। নিহতের পরিবারের অভিযোগ, কথা-কাটাকাটির একপর্যায়ে রিফাতের ছোড়া ইটের আঘাতে আমির খান গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  তবে অভিযুক্ত রিফাতের পরিবারের দাবি, সেখানে কোনো মারামারির ঘটনা ঘটেনি। তাদের ভাষ্যমতে, তর্কাতর্কির একপর্যায়ে আমির খান স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম এবং এএসপি (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত রিফাত পলাতক রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত