খুলনায় কর্মশালা

পেশিশক্তির প্রভাব বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ এএম

অবৈধ অস্ত্র ও পেশিশক্তির প্রভাব বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এমন মন্তব্য নির্বাচন বিশেষজ্ঞদের। বিগত কয়েকটি নির্বাচন নিয়ে জনমনে ব্যাপক অসন্তোষ থাকায় একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অত্যন্ত জরুরি।

গতকাল শনিবার সকালে খুলনা মহানগরীর শিল্পকলা মিলনায়তনে ইমপেক্ট ইনিশিয়েটিভ ও ভয়েস নেটওয়ার্কের উদ্যোগে দিনব্যাপী নির্বাচন পর্যবেক্ষক প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে শক্তিশালী ও প্রশিক্ষিত পর্যবেক্ষণ ব্যবস্থা জরুরি। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি।

তিনি বলেন, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে এই প্রশিক্ষণ ম্যানুয়াল অপরিহার্য। এর মাধ্যমে পর্যবেক্ষকরা তাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে বুঝতে ও পালন করতে সক্ষম হবেন। এ লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’ প্রণীত ‘নির্বাচন পর্যবেক্ষণ ম্যানুয়াল’-এর উদ্বোধন করা হয়।

ভয়েস নেটওয়ার্কের স্টিয়ারিং কমিটির সভাপতি ও ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন ভয়েস নেটওয়ার্কের ভাইস চেয়ারম্যান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক। কর্মশালায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার তিন শতাধিক পর্যবেক্ষক অংশ নেন। এতে পর্যবেক্ষণের নীতি-পদ্ধতি, নির্বাচনী আইনবিধি ও অন্য প্রাসঙ্গিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত