বিআইডব্লিউটিএ আরিচার নবনির্মিত ড্রেজার পাইপ বয়া গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে আরিচা ঘাটসংলগ্ন পুরাতন টার্মিনালের কাছে নির্মাণাধীন গুদামে এ আগুন লাগে। আগুনে গুদামের টিনশেড, ভেতরে রাখা ড্রেজার পাইপ বয়া ও অন্য মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে নবগ্রাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই গুদামের অনেক মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্র জানা গেছে, গুদামে শ্রমিকরা ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ওয়েল্ডিংয়ের আগুনের স্ফুলিঙ্গ পাশে রাখা পাইপ বয়ার ওপর পড়ে আগুন ধরে যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর স্থানীয়রা গুদামে রাখা প্লাস্টিক ও দাহ্য জিনিস সরানোর চেষ্টা করেন। তবে মালামাল বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
এ সময় গুদামের সামনের লোহার দরজা খুলে পড়ে তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নবগ্রাম ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নাদির হোসেন বলোন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
ঘটনাস্থলে থাকা বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী আল-আমিনের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন অফিসারের সঙ্গে কথা বলে বক্তব্য নিতে হবে। এখানে আমরা কাজ করে যাচ্ছি। আর কিছু বলা সম্ভব না বলে তিনি ফোন রেখে দেন।’
