ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাপছে গোমতী সেতু, দুর্ঘটনার শঙ্কা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে অবস্থিত মেঘনা-গোমতী সেতু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম ঝুঁকিতে পড়েছে। সেতুর গার্ডার ও অ্যাবাটমেন্টের মধ্যকার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে ত্রুটির কারণে যান চলাচলের সময় সেতুটি অস্বাভাবিকভাবে কেঁপে উঠছে। এতে প্রতিদিন সেতু ব্যবহারকারী হাজারো যাত্রী ও চালকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি সেতুর কাঁপুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দেয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৫ সালে গোমতী নদীর ওপর নির্মিত দুই লেনের এই সেতুটিতে মোট ১৭টি স্প্যান রয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ১০ হাজার যানবাহন সেতুটির ওপর দিয়ে চলাচল করে। তবে দীর্ঘদিন নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সেতুর কাঠামোগত দুর্বলতা এখন স্পষ্ট হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা শহিদুল্লাহ বলেন, ‘সেতুতে উঠলেই মনে হয় দুলে উঠছে। গাড়ি চললে কাঁপনটা স্পষ্ট বোঝা যায়।’
নিয়মিত এই সড়কে চলাচলকারী একাধিক বাসচালক জানান, যাত্রী নিয়ে সেতু পার হতে ভয় লাগে। তাদের ভাষায়— সেতু এমনভাবে কাঁপে যে অনেক সময় স্টিয়ারিং ঠিক রাখা কঠিন হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে ভারী ট্রাক, বাস ও কাভার্ডভ্যান চলাচলের সময় সেতুর কম্পন আরও বেড়ে যায়। হঠাৎ ব্রেক কিংবা ওভারটেকের সময় যানবাহনের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এ অবস্থায় দেশের অন্যতম ব্যস্ত মহাসড়কে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন তারা। এতে প্রাণহানির পাশাপাশি যানবাহন ও পণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘সেতুটি আমাদের অধীনে নয়। তবে সেতুর যন্ত্রাংশে ত্রুটির একটি ভিডিও আমি দেখেছি। ধারণা করছি, গার্ডার ও অ্যাবাটমেন্টের মধ্যকার যন্ত্রাংশে সমস্যা রয়েছে। বিষয়টি আমরা নারায়ণগঞ্জ সড়ক বিভাগকে অবগত করেছি।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর অফিসিয়াল মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত