মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর উমায়ের হাসান (২৫) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুর ২টার দিকে উপজেলার কাজীপুরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত উমায়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার মুক্তার গাজীর ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাত আড়াইটার দিকে সোহাগ ও বায়েজিদ নামে দুই বন্ধু উমায়েরকে মোবাইল ফোনে কল করে বাসা থেকে ডেকে নেয়। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি।
নিহতের মা বলেন, ঘটনার পর থেকে উমায়েরের ওই দুই বন্ধু পলাতক রয়েছে এবং তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে। তিনি অভিযোগ করেন, সোহাগ ও বায়েজিদই উমায়েরকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
