তাইওয়ান ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ এএম

তাইওয়ান-চীন দ্বন্দ্ব সাম্প্রতিককালে ওই অঞ্চলটিতে উত্তেজনা বাড়িয়েছে। তাইওয়ানের সঙ্গে বিরোধে নতুন মাত্রা যোগ করেছে জাপান। সম্প্রতি তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর এক মন্তব্য ঘিরে কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। জাপানের সঙ্গে বিরোধের মধ্যেই তাইওয়ান ঘিরে বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছে চীন। তাইওয়ান প্রণালির মধ্যবর্তী জল ও আকাশসীমায় সামরিক মহড়া করেছে দেশটির পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড। গতকাল সোমবার আয়োজিত ‘জাস্ট মিশন ২০২৫’ নামের এ মহড়ায় যুদ্ধবিমান, বোমারু বিমান এবং চালকবিহীন ড্রোন (ইউএভি) ব্যবহার করা হচ্ছে।

এ অভিযানে আকাশপথের শক্তির সঙ্গে সমন্বয় করা হয়েছে দূরপাল্লার রকেট ইউনিটকেও। ইস্টার্ন থিয়েটার কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মহড়ার মূল লক্ষ্য হলো ‘মোবাইল গ্রাউন্ড টার্গেট’ বা চলমান স্থল লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানা। এ ছাড়া আকাশ ও স্থলপথের আক্রমণের মধ্যে কার্যকর সমন্বয় তৈরি করে কীভাবে শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনা ও চলমান লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালানো যায়, তা যাচাই করাই এ মহড়ার মূল উদ্দেশ্য। বেইজিং বলেছে, তাইওয়ানের স্বাধীনতার চেষ্টার বিরুদ্ধে ‘কঠোর সতর্কবার্তা’ দিতে এবং নিজেদের সামরিক সক্ষমতা যাচাই করতে সোমবার থেকে সামরিক মহড়া শুরু হয়েছে। চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে, আজ মঙ্গলবার মহড়ার অংশ হিসেবে সরাসরি গোলাবর্ষণ করা হবে। এ লক্ষ্যে দ্বীপটি ঘিরে পাঁচটি বিশেষ অঞ্চল চিহ্নিত করা হয়েছে। স্থানীয় সময় আগামীকাল সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ১০ ঘণ্টা এসব অঞ্চলের আকাশ ও সমুদ্রসীমায় কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে।

ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র শি ই এক বিবৃতিতে বলেন, এ মহড়া ‘তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী এবং বাইরের হস্তক্ষেপকারী শক্তির’ জন্য একটি গুরুতর সতর্কবার্তা। সমুদ্র ও আকাশপথে যুদ্ধপ্রস্তুতির প্রশিক্ষণ, গুরুত্বপূর্ণ বন্দরগুলো অবরুদ্ধ করা এবং বহুমুখী প্রতিরোধ গড়ে তোলাই এ মহড়ার মূল লক্ষ্য। মহড়া উপলক্ষে চীনের সামরিক বাহিনী একটি বিশেষ পোস্টার প্রকাশ করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত এ মহড়া নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত