গফরগাঁওয়ে রেললাইনে নাশকতার চেষ্টা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ এএম

ময়মনসিংহের গফরগাঁও এলাকায় রেললাইনের একটি অংশ কেটে ফেলার ঘটনায় ঢাকাগামী আন্তঃনগর ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তথ্য অনুযায়ী, ভোর ৫টা ১০ মিনিটের মধ্যে গফরগাঁও স্টেশনের আউটার পয়েন্টের উত্তরে জন্মেজয় ও সালটিয়া মাঠখোলা এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা প্রায় ২০ ফুট লম্বা রেললাইন মূল লাইনের সংযোগ থেকে বিচ্ছিন্ন করে পাশের দিকে সরিয়ে রাখে। ট্রেনের ইঞ্জিনসহ সামনের দুটি বগি ওই বিচ্ছিন্ন লাইনে গিয়ে লাইনচ্যুত হয়।

এদিকে, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে সকাল সাড়ে ১০টা থেকে উদ্ধারকাজ শুরু করে। ময়মনসিংহ রেলওয়ের পরিবহন পরিদর্শক শাহীনুর ইসলাম জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ হতে আরও সময় লাগবে। উদ্ধারকাজ শেষে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ থাকায় ঢাকা-তারাকান্দি রুটের আন্তঃনগর ‘অগ্নিবীণা এক্সপ্রেস’, দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটের আন্তঃনগর ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’, নেত্রকোনার মোহনগঞ্জ-ঢাকা রুটের আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ চলাচল বন্ধ রয়েছে। তবে জামালপুর থেকে ঢাকাগামী ‘যমুনা এক্সপ্রেস’ বিকল্প রুট (গৌরীপুর, কিশোরগঞ্জ ও ভৈরব) দিয়ে ঢাকা যাত্রা করেছে। একইভাবে ঢাকা থেকে জামালপুর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস ভৈরব রুটে ময়মনসিংহে আসছে।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, রেলপথের পাত খুলে ফেলার ঘটনায় কোনো হতাহত হয়নি। স্টেশনসহ উপজেলা শহর ও আশপাশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। গফরগাঁওয়ে রেললাইনের পাত সরানোয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত