বাংলাদেশের ফুটবলে বাঁকবদলের বছর

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৭:১০ এএম

জাতীয় স্টেডিয়াম, ফুল ভলিউম, লাউড স্পিকারে বাজছে গান, সঙ্গে গলা মেলাচ্ছেন গ্যালারি ভরা দর্শক। স্পিকার ছাপিয়ে গলার আওয়াজটাই কানে বাজছে বেশি। অথচ ৯০ মিনিটের ফুটবল ম্যাচ শেষ হয়ে গেছে ততক্ষণে। কিন্তু স্টেডিয়াম ছাড়েননি কেউ। ভারতকে হারানো গেছে ২২ বছর পর। উদযাপনটা যেন জমা ছিল এতদিন। জুনের ভ্যাপসা গরমে সিঙ্গাপুরের সঙ্গে হয়নি, শরতের রাতে হংকং-এর বিপক্ষে হতে হতেও হয়নি। নভেম্বরে আর হয়নি নড়চড়। ম্যাচ জিতে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা যখন মাঠ ছাড়ছেন তখন প্রশ্ন থাকল একটাই এই দেখাই কি শেষ দেখা?

ফুটবলে বছরটা বিশ্বকাপের। বাংলাদেশের জন্য উইমেনস এশিয়ান কাপের। কিন্তু বাংলাদেশ মেনস টিমের জন্য কী? নতুন বছরে ঘুরে-ফিরে সে প্রশ্ন যেমন তোলা, জবাব অজানা। বাংলাদেশের একটা ম্যাচের ফিকশ্চার নির্ধারিত। বছরের প্রথম উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। মার্চের ৩১ তারিখ ওই ম্যাচের পর বোঝা যাবে এশিয়ান কাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে কোন অবস্থানে থেকে শেষ করবে বাংলাদেশ। কাবরেরার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তির মেয়াদও ওইদিন পর্যন্তই। এরপর? নতুন কোচ আসবেন? কে হবেন নতুন কোচ? তার জন্য চ্যালেঞ্জ কী হবে? একটা দলে হামজা চৌধুরী, শামিত সোমদের মতো ফুটবলার আছেন। যারা এশিয়ার যে কোনো দলে খেলতে পারেন নিমেষেই। আপার লিমিট আর লোয়ার লিমিটের এই তফাৎ ঘুচিয়ে কে পারবেন এই দলকে এক সুতোয় গাঁথতে? এমন একজন কোচ বাছাই করাই সম্ভবত নতুন বছরে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় কাজ। বছরটা বাংলাদেশের ফুটবলের জন্য ভিত্তি গড়ার। প্রতিযোগিতামূলক ম্যাচ এখন পর্যন্ত ওই একটাই। এশিয়ান গেমসে নারী দল অংশ নিচ্ছে, পুরুষ ফুটবল দলের সুযোগ মেলেনি। সাফ চ্যাম্পিয়নশিপেরও সময়সূচি জানা যায়নি। তবে, এ বছর সাফ না হলে দুই বছর বিরতির টুর্নামেন্ট পড়বে লম্বা সেশন জটে। সাফের আসর এবার না হলে বরং সেটাই হবে অবাক করা। ভারতকে হারানোর পর বাংলাদেশ ফুটবলারদের মনেও আত্মবিশ্বাস থাকার কথা তুঙ্গে। সাফের সময়সূচি নিয়ে ধোঁয়াশা থাকলেও এবার টুর্নামেন্টের ফেভারিট দলটার নাম আর ভারত নয়, বাংলাদেশ। যে বছরটা বিশ্বকাপের, সে বছরটা হতে পারে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার ‘বিশ্বকাপ’ জয়ের। ২০০৩ একবারই সাফ জিতেছিল বাংলাদেশ, এর পরের আসরে রানার্স আপ। এর পর থেকে আর ফাইনালেই ওঠা হয়নি। সেই খরা ঘোচানোর মোক্ষম সুযোগ এবারই।

লেখক : ক্রীড়াসাংবাদিক ও ধারাভাষ্যকার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত